মুক্তিযুদ্ধে কুমিল্লার মানুষের অবদান স্মরণ, সেনানিবাসে সংবর্ধনা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের সাহস, ত্যাগ ও বীরত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহস, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় জীবনের বিভিন্ন সংকট ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখযোগ্য।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আখতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূঁইয়াসহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনে এই সম্মিলিত সামরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ঐতিহাসিক দিনকে স্মরণ করে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত