ফরাসি অপেরার সুরে মুগ্ধ ঢাকার দর্শক

ফরাসি অপেরার সুর ও বাংলা সংগীতের আবেগ এক মঞ্চে মিলেমিশে তৈরি করল ভিন্নধর্মী এক সংগীতের আবহ। ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রের পরিবেশনায় ঢাকায় অনুষ্ঠিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ফরাসি অপেরার নির্বাচিত পরিবেশনা উপভোগ করেন দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বক্তব্যে তারা বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এরপর মঞ্চে আসেন দুই ফরাসি শিল্পী। ভেরোনিক পেইনের অপেরাধর্মী কণ্ঠের সঙ্গে পিয়ানোয় সুর তোলেন ফ্যাব্রিস মেইত্রে। তাঁদের পরিবেশনায় স্থান পায় ‘লা বেল হেলেন’, ‘ক্যান্ডিড’, ‘মাই ফেয়ার লেডি’, ‘পর্গি অ্যান্ড বেস’, ‘টোস্কা’ ও ‘লা ত্রাভিয়াতা’র মতো বিখ্যাত অপেরা ও মিউজিক্যালের নির্বাচিত অংশ।

শুধু সংগীত নয়, প্রতিটি পরিবেশনার মধ্য দিয়ে উঠে আসে নানা গল্প ও সময়ের প্রতিচ্ছবি। গ্রিক পুরাণ, প্রেম, বিরহ, যুদ্ধ, মৃত্যু এবং মানবজীবনের বিচিত্র অভিজ্ঞতা ধরা দেয় শিল্পীদের পরিবেশনায়। অধিকাংশ পরিবেশনায় কণ্ঠ দেন ভেরোনিক পেইন। পাশাপাশি পিয়ানোয় একক পরিবেশনা এবং গান শোনান ফ্যাব্রিস মেইত্রে। দুই শিল্পীর সুর ও কণ্ঠের সমন্বয়ে পুরো আয়োজন হয়ে ওঠে উপভোগ্য।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু ফরাসি লেখক ও বুদ্ধিজীবী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় চলছে ‘ফরাসি সপ্তাহ’ (সেমেইন ফ্রঁসেজ)। এ আয়োজনের উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিল ফরাসি ও বাংলা অপেরার এই পরিবেশনা। ঢাকার ফরাসি দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)।

আয়োজনের শেষদিকে দুই শিল্পী বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশন করেন। এ সময় উপস্থিত দর্শক-শ্রোতারাও দাঁড়িয়ে তাদের সঙ্গে কণ্ঠ মেলান। ফরাসি অপেরার সুরে শুরু হওয়া সন্ধ্যার সমাপ্তি ঘটে বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে।