হারের মুখ থেকে ইমনের চার-ছক্কায় নাটকীয় জয়

এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে স্নায়ুক্ষয়ী এক লড়াইয়ে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ 'এ' দল। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিকে ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও ৪৬তম ওভারে ইকবাল হোসেন ইমন চার ও ছক্কায় জয় তুলে নেন। ১ উইকেটের জয়ে ইমনরা টুর্নামেন্টের সেমিফাইনালেও উঠে গেছে।

ইনিংসের তৃতীয় বলেই  অধিনায়ক সাইফ হাসান শূন্য রানে ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ 'এ'। তবে পারভেজ হোসেন ইমন ২টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে প্রাথমিক ধাক্কা সামাল দেন।

৮১ রানে তৃতীয় উইকেট পতনের পর দ্রুতই আরও দুটি উইকেট হারিয়ে ৮৩ রানে ৫ উইকেটে পরিণত হয় বাংলাদেশ। এর মধ্যে শাহাদাত হোসেন করেন ৪৮ বলে ২৫ রান এবং ইয়াসির আলি করেন ২১ বলে ২০ রান।

এরপর সাব্বির রহমান (৪৩ বলে ২৮ রান) ও মোহাম্মদ সাইফুদ্দিন (৮০ বলে ২৮ রান) দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। সাব্বির আউট হন ১৩২ রানে এবং সাইফুদ্দিন ফেরেন ১৫৮ রানে। এরপর ১৬২ রানে নবম উইকেট পড়ে গেলেও শেষ জুটির দৃঢ়তায় ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ 'এ' দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ‘এ’ দল মুখোমুখি হবে সোমবার।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান ‘এ’: ৪৫ ওভারে ১৭৪ অলআউট (ইকরাম ৪৮, ইমরান ১৯, দারউইশ ১৯; রিপন ৩/৩৯, সাইফ ২/১৭, রুবেল ২/২১, ইকবাল ২/৩২)।
 
বাংলাদেশ ‘এ’: ৪৫.৫ ওভারে ১৭৬/৯ (পারভেজ ৩৩, সাব্বির ২৮, সাইফউদ্দিন ২৮, শাহাদাত হোসেন ২৫; নাভিদ ৩/২৭, নাসির ২/২৪, ফরমানউল্লাহ ২/৪০)।
 
ফল: বাংলাদেশ ‘এ’ ১ উইকেটে জয়ী।