খুলনার তেরখাদা উপজেলায় মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মোকামপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাফিক সরদার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে তিনি মোকামপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনাই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে এবং তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কবির আহমেদ বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করি। দুর্বৃত্তরা আগে থেকে ঘটনাস্থলে ওত পেতে ছিল। ভিকটিম ঘটনাস্থলে আসা মাত্রই তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। তার শরীরে তিনটি গুলিবিদ্ধ হয়। গুলি তিনটি তার বাম হাতে, বাম পায়ে এবং কোমরের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ অপরাধীদের ধরার জন্য তৎপরতা শুরু করেছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কার্যক্রম শুরু করেছে।