খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি

এর আগে গত ৬ নভেম্বর রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি লাগানোর পাশাপাশি পাশে দুটি পোস্টার সাঁটানো হয়।

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালি লেপে দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে একই প্রতিকৃতিতে কালি লাগানোর পর নতুন করে আঁকা হয়েছিল। সেই ঘটনার ১৬ দিনের মাথায় আবারও প্রতিকৃতিটি বিকৃত করা হলো। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পারেনি পুলিশ।
 

রবিবার (২২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজনের নজরে আসে বিষয়টি। দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা রয়েছে।

এর মধ্যে চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতি রয়েছে। তবে এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের মাঝখানে থাকা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, সম্ভবত গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগেরবার প্রতিকৃতিতে কালি লাগানোর ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ৬ নভেম্বর রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি লাগানোর পাশাপাশি পাশে দুটি পোস্টার সাঁটানো হয়। পোস্টার দুটিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনাম লেখা ছিল। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পরদিন ৭ নভেম্বর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার নিন্দা জানান। পরে তার উদ্যোগে শিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি নতুন করে আঁকেন।

সেদিন নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন, ‘একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।’ দেয়ালচিত্রগুলো অক্ষত রাখতে পুলিশি টহল জোরদার করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত