চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর-কিপাইতনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিরোধী মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিরুদ্ধে বিএনপি কর্মীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ছয় ছাত্রদল কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে নাজিম ও হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নানুপুর-কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে ছাত্রদল কর্মীরা মিছিল নিয়ে ওই এলাকায় গেলে হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এতে ছয় ছাত্রদল কর্মী আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত নাজিম ও হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর নানুপুর-কিপাইতনগর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। হামলা, ভাঙচুর ও মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, ঘটনাস্থলে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।