ত্বকের যত্নে কার্বন লেজার চিকিৎসা

ডা. এস. এম. রাসেল ফারুক

সহকারী অধ্যাপক, চর্মরোগ বিভাগ, আইচি মেডিকেল কলেজ ও হাসপাতাল

ত্বকের অতিরিক্ত তেল, বড় হয়ে যাওয়া লোমকূপ, ব্রণ, নিস্তেজ ভাব ও কালচে ভাব  এসব সমস্যা নিয়ে অনেকেই ভোগেন। আজকাল ত্বকের সৌন্দর্য ও গঠন কিছুটা উন্নত করতে ব্যবহৃত হচ্ছে কার্বন লেজার বা কার্বন লেজার পিল। যা কার্যকরী প্রসাধনী চিকিৎসা। যেখানে ত্বকে তরল কার্বনের একটি পাতলা স্তর লাগিয়ে নির্দিষ্ট ধরনের লেজার ব্যবহার করা হয়। সাধারণত এরপর ত্বকের দীর্ঘ সময় বিশ্রামে থাকার প্রয়োজন হয় না। তবে সবার ত্বকের জন্য এই পদ্ধতি সমানভাবে কার্যকর নাও হতে পারে। 

কেন করবেন

কার্বন লেজার মূলত ত্বকের উপরিভাগের মৃত কোষ, অতিরিক্ত তেল ও লোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। বিশেষ করে তৈলাক্ত ত্বক, বড় লোমকূপ, হালকা ব্রণ, অসম ত্বকের টেক্সচার ও নিস্তেজ ত্বকের ক্ষেত্রে এটি করা হয়। ত্বকের উপরিভাগ কিছুটা মসৃণ হওয়ায় মুখে উজ্জ্বল ও সতেজ ভাব দেখা দিতে পারে। সূক্ষ্ম রেখা ও হালকা দাগের দৃশ্যমানতাও কমে যায়। তবে এটি ত্বকের স্বাভাবিক রং বদলে দেওয়ার চিকিৎসা নয় এবং গভীর ব্রণের দাগ বা গুরুতর পিগমেন্টেশনের ক্ষেত্রে একে একমাত্র চিকিৎসা হিসেবে বিবেচনা করা ঠিক নয়।

কীভাবে করবেন

প্রথমে একজন ত্বক বিশেষজ্ঞ পরীক্ষা করে দেখেন এই চিকিৎসা আপনার প্রয়োজন কিনা। এছাড়া ত্বকের উপযোগী কতটুকু সেটাও দেখতে হয়। এরপর পরিষ্কার ত্বকে চিকিৎসার জন্য নির্ধারিত তরল কার্বনের পাতলা স্তর লাগানো হয়। কিছু সময় পর কার্বন শুকিয়ে গেলে চোখ সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে লেজার প্রয়োগ করা হয়। লেজারের শক্তি কার্বন কণাকে ভেঙে বাষ্পীভূত করে, একই সঙ্গে ত্বকের উপরিভাগের মৃত কোষ ও জমে থাকা তেল-ময়লা অপসারণে সাহায্য করে। পুরো প্রক্রিয়াটি সাধারণত ৩০ মিনিটের মধ্যে শেষ হয়।

ত্বকের কতটা উপকার হয়

একবার করার পরই অনেকের ত্বক কিছুটা উজ্জ্বল, পরিষ্কার ও মসৃণ দেখাতে পারে। তবে কাক্সিক্ষত ফল পেতে অনেক সময় একাধিক সেশন প্রয়োজন হয়। বিশেষ করে ব্রণ, অতিরিক্ত তেল বা লোমকূপের সমস্যায় ধারাবাহিক চিকিৎসায় বেশি উপকার পাওয়া যেতে পারে। লেজারভিত্তিক চিকিৎসায় একাধিক সেশনে ফল সাধারণত একবারের তুলনায় ভালো হতে পারে। তবে ফলাফল ব্যক্তিভেদে আলাদা এবং স্থায়ী নয়।

কতদিন পর পর করবেন

ত্বকের অবস্থা ও চিকিৎসার উদ্দেশ্য অনুযায়ী সময়ের ব্যবধান নির্ধারণ করা হয়। অনেক ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহ পরপর কার্বন লেজার করা হয় এবং কয়েকটি সেশনের পর ফলাফল মূল্যায়ন করা হয়। কারও ক্ষেত্রে চার থেকে ছয়টি সেশন প্রয়োজন হতে পারে। তাই নির্দিষ্ট সময়সূচি নিজে থেকে ঠিক না করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

সতর্কতা

কার্বন লেজার করানোর আগে অবশ্যই অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। ত্বকে সক্রিয় সংক্রমণ, অতিরিক্ত সংবেদনশীলতা, কিছু ধরনের পিগমেন্টেশন বা অন্য কোনো ত্বকের রোগ থাকলে চিকিৎসাটি উপযোগী নাও হতে পারে। বিশেষ করে গাঢ় ত্বকে ভুল লেজার সেটিং ব্যবহার করলে পরবর্তী সময়ে রঙের পরিবর্তন বা হাইপারপিগমেন্টেশনের ঝুঁকি থাকতে পারে।

চিকিৎসার পর কয়েক দিন ত্বকে মৃদু লালভাব, শুষ্কতা বা সামান্য জ্বালাপোড়া হতে পারে। এ সময় ত্বক ঘষাঘষি না করে ময়েশ্চারাইজার ব্যবহার এবং নিয়মিত সানস্ক্রিন দেওয়া গুরুত্বপূর্ণ। চিকিৎসার পর ত্বকে কোনো নতুন প্রসাধনী বা শক্তিশালী এক্সফোলিয়েটিং পণ্য ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পার্লারের পরিবর্তে প্রশিক্ষিত চিকিৎসক ও মানসম্মত যন্ত্রের মাধ্যমে চিকিৎসাটি করানো। লেজার চিকিৎসায় ফলাফল ও নিরাপত্তা অনেকটাই চিকিৎসকের দক্ষতা ও সঠিক রোগী নির্বাচনের ওপর নির্ভর করে।