ডা. মো. ছায়েদুল হক
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, ভাইস প্রিন্সিপাল, মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টাল ইউনিট, মিরপুর, ঢাকা।
চোখের টিউমার বলতে চোখের পাতা, চোখের বল কিংবা চোখের ভেতরের বিভিন্ন অংশে অস্বাভাবিক কোষের বৃদ্ধিকে বোঝায়। এটি দুই ধরনের হতে পারে নিরীহ বা নন-ক্যানসারাস এবং ক্ষতিকর ক্যানসারাস। চোখের টিউমার সব বয়সের মানুষের হতে পারে। তবে বয়স, বংশগত কারণ এবং কিছু ক্ষেত্রে শরীরের অন্য অংশের ক্যানসার থেকেও চোখে টিউমার ছড়িয়ে পড়ে।
লক্ষণ
চোখের টিউমারের লক্ষণ নির্ভর করে চোখের কোন অংশে হয়েছে এবং এর ধরন কী তার ওপর। চোখের পাতায় অস্বাভাবিক গুটি, ফোলা, লালচে ভাব, চোখে ব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, ঝাপসা দেখা কিংবা চোখের মণির আকার বা অবস্থানে পরিবর্তন দেখা দিতে পারে। অনেক সময় প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণও প্রকাশ পায় না।
রোগ নির্ণয়
চিকিৎসার জন্য প্রথমে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী চোখ পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই কিংবা বায়োপসি করা হতে পারে। টিউমারের ধরন, আকার ও অবস্থান অনুযায়ী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করা হয়।
চিকিৎসা
রোগের ধরন ও বিস্তারের ওপর নির্ভর করে চিকিৎসা নির্ধারণ করা হয়
সার্জারি বা টিউমার রিসেকশন : অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার বা ক্যানসারে আক্রান্ত টিস্যু অপসারণ করা হয়।
রেডিয়েশন থেরাপি : উচ্চশক্তির রশ্মি ব্যবহার করে টিউমারের কোষগুলো ধ্বংস করা হয়। ব্র্যাকিথেরাপির (অভ্যন্তরীণ বিকিরণ) মাধ্যমে সরাসরি টিউমারের কাছে রেডিয়েশন দেওয়া যায়।
লেজার থেরাপি : চোখের ছোট টিউমার ধ্বংস করতে লেজার ব্যবহার করা হয়।
কেমোথেরাপি : ওষুধ প্রয়োগের মাধ্যমে ক্যানসার কোষ ধ্বংস করা হয়, যা সাধারণত শিশুদের চোখের টিউমারের (যেমন- রেটিনোব্লাস্টোমা) চিকিৎসায় বেশি ব্যবহৃত হয়।
চোখে যেকোনো অস্বাভাবিক পি- বা পরিবর্তন দেখলে অবিলম্বে একজন চক্ষু বিশেষজ্ঞ বা ক্যানসার বিশেষজ্ঞ সঙ্গে যোগাযোগ করা দরকার। নিরীহ টিউমারের ক্ষেত্রে পর্যবেক্ষণ বা অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। অন্যদিকে ক্যানসারাস টিউমারের চিকিৎসায় অস্ত্রোপচার, রেডিওথেরাপি, লেজার চিকিৎসা বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করা হয়। দ্রুত শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি রক্ষা করা ও সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।