শিশুদের খেলার মাঠে বাণিজ্য মেলার প্রস্তুতি

শিশুদের খেলাধুলা, তরুণদের ক্রিকেট চর্চা কিংবা বয়স্কদের সকাল-সন্ধ্যার হাঁটাচলা—সব মিলিয়ে ভোলা শহরের মানুষের শরীরচর্চা ও বিনোদনের অন্যতম কেন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ।
 
সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ মাঠটিতে হাঁটাচলা ও ব্যায়াম করেন। বিকেলে ক্রিকেটসহ নানা খেলাধুলায় মেতে ওঠে শিশু-কিশোর ও তরুণেরা। পাশের সুইমিংপুলে চলে শিশুদের সাঁতার প্রশিক্ষণও। তবে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এই মাঠে বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি ঘিরে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ।
 

শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্ন, শহরের মানুষের শরীরচর্চা এবং শিশুদের খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ এই মাঠ বাণিজ্য মেলার কাজে ব্যবহার করা কতটা যৌক্তিক? তাদের আশঙ্কা, মেলা আয়োজন করা হলে দীর্ঘদিনের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলা ও সাধারণ মানুষের শরীরচর্চার সুযোগও বন্ধ হয়ে যাবে।

বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়, তালহা, সামিক, হিরা ও নাফিজ আহম্মেদ এবং প্রাক্তন শিক্ষার্থী আকিল এ আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার জায়গা নয়, শহরের বিভিন্ন বয়সী মানুষের জন্যও উন্মুক্ত শরীরচর্চার স্থান। প্রতিদিন সকাল ও বিকেলে বিভিন্ন বয়সের মানুষ এখানে হাঁটাচলা ও ব্যায়াম করেন। রাতেও অনেকে শরীরচর্চার জন্য মাঠে আসেন। বিকেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণেরা ক্রিকেটসহ নানা খেলাধুলায় অংশ নেয়। মাঠে মেলা বসানো হলে এসব কার্যক্রম বন্ধ হয়ে যাবে।  

শিক্ষার্থীরা জানায়, ডিসেম্বর মাসে তাদের বার্ষিক পরীক্ষা। জানুয়ারিতে রয়েছে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা। এমন সময়ে মাঠে মেলার আয়োজন করা হলে তারা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। শুধু তাই নয়, মেলা শেষ হওয়ার পর মাঠের মাটি ও খেলার পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। মাঠে খেলতে গিয়ে হাত-পা কেটে আহত হওয়ার ঘটনাও ঘটে। তাই শিশুদের খেলাধুলার অধিকার এবং মাঠের স্বাভাবিক পরিবেশ রক্ষায় মেলার স্থান পরিবর্তনের দাবি জানিয়েছে তারা।

অভিভাবকদেরও একই ধরনের উদ্বেগ রয়েছে। তাদের মতে, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। অথচ ভোলা শহরে শিশুদের খেলাধুলার উপযোগী জায়গা এমনিতেই সীমিত। সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থীদের পাশাপাশি শহরের সাধারণ মানুষও সমস্যায় পড়বেন। বিশেষ করে প্রতিদিন যারা হাঁটাচলা ও ব্যায়াম করতে মাঠে আসেন, তাদের বিকল্প জায়গা খুঁজতে হবে।

একটি বাণিজ্যিক আয়োজনের জন্য এত মানুষের দৈনন্দিন শরীরচর্চা ও বিনোদনের সুযোগ বন্ধ করা উচিত নয় বলে মনে করেন তারা। অভিভাবকদের দাবি, মেলার জন্য শহরের অন্য কোনো উপযুক্ত স্থান নির্ধারণ করা হোক।

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে মাঠে মেলা আয়োজনের বিষয়ে তার কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। এর জবাবে তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন, বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বার্ষিক পরীক্ষা, বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, নতুন বছরের বই বিতরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য মাঠটি প্রয়োজন হয়। এ ছাড়া বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে নিয়মিত খেলাধুলা করে। তরুণ, বয়স্ক ও প্রবীণ ব্যক্তিরাও সকাল, বিকেল ও রাতে হাঁটাচলা এবং শারীরিক ব্যায়াম করতে মাঠটি ব্যবহার করেন। ফলে মাঠটি শুধু বিদ্যালয়ের নয়, এলাকার মানুষেরও প্রয়োজনীয় একটি জায়গা।

অন্যদিকে, মেলার আয়োজনের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সের প্রতিনিধি ও মেলা পরিচালক মাহাবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা হয়েছে বলে জানান। এ বিষয়ে সবাইকে নিয়ে বসবেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, বাণিজ্য মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে বিভিন্ন সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে। সেসব তথ্য পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার জায়গা নয়; এটি ভোলা শহরের শিশু-কিশোর, তরুণ, বয়স্ক ও প্রবীণ মানুষের প্রতিদিনের শরীরচর্চা, খেলাধুলা ও বিনোদনের অন্যতম কেন্দ্র। তাই মাঠটির বহুমুখী ব্যবহার এবং জনস্বার্থ বিবেচনায় নিয়ে সেখানে বাণিজ্য মেলার আয়োজনের উদ্যোগ পুনর্বিবেচনা করা প্রয়োজন।