ছয় লাখের বেশি শিশুর চিকিৎসাসেবার দায়িত্বে রয়েছেন মাত্র দুজন শিশু বিশেষজ্ঞ। জেলার সাতটি সরকারি হাসপাতালের মধ্যে পাঁচটিতেই নেই কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। বাকি দুটি হাসপাতালে একজন করে চিকিৎসক কর্মরত থাকলেও রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসা না পেয়ে অসুস্থ শিশুদের নিয়ে জেলা সদরে ছুটছেন অভিভাবকরা।
কিন্তু সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ৬০টি শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকছে ৩০০ থেকে ৩৫০ শিশু। জায়গার অভাবে বারান্দা, চলাচলের পথ এমনকি সিঁড়ির কোঠায়ও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। শিশু বিশেষজ্ঞের এমন সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রত্যন্ত এলাকার নিম্ন আয়ের পরিবারের সদস্যরা। উপজেলা পর্যায়ে চিকিৎসক না থাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদরে এসেও অনেককে পড়তে হচ্ছে ভোগান্তিতে। দীর্ঘদিন ধরে চলা এ সংকটে শিশুদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
ভোলা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নির্ধারিত শয্যার বাইরে মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে অসংখ্য শিশু। কোথাও অভিভাবকের কোলে, কোথাও মেঝেতে বিছানো চাদরের ওপর শুয়ে আছে অসুস্থ শিশুরা। ওয়ার্ডের ভেতরে জায়গা না থাকায় চলাচলের পথেও রোগীদের অবস্থান করতে হচ্ছে। শিশুদের জন্য প্রয়োজনীয় পরিবেশ ও পর্যাপ্ত জায়গার অভাবে একদিকে যেমন বাড়ছে সংক্রমণসহ নানা স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে চিকিৎসা কার্যক্রম পরিচালনায়ও তৈরি হচ্ছে বাড়তি চাপ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ শিশু ভর্তি থাকে। পাশাপাশি বহির্বিভাগে প্রতিদিন পাঁচ শতাধিক শিশু চিকিৎসা নিতে আসে। এত বিপুলসংখ্যক রোগীর চিকিৎসার দায়িত্ব পালন করছেন মাত্র একজন শিশু বিশেষজ্ঞ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. সালাহউদ্দীন একের পর এক ওয়ার্ডে রোগী দেখছেন। শিশু ওয়ার্ডের পাশাপাশি হাম, ডেঙ্গু ও ডায়রিয়া ওয়ার্ডেও তাকে চিকিৎসা দিতে হচ্ছে। সকালে রোগী দেখা শুরু করে দুপুর গড়িয়ে গেলেও শেষ হচ্ছে না তার কাজ। অন্যদিকে বহির্বিভাগেও অসুস্থ শিশুদের নিয়ে চিকিৎসকের অপেক্ষায় থাকতে দেখা যায় অভিভাবকদের।
একজন চিকিৎসকের পক্ষে এত বিপুলসংখ্যক রোগীকে পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসা দেওয়া কতটা কঠিন, তা হাসপাতালের প্রতিদিনের চিত্রেই স্পষ্ট। চিকিৎসককে একাধিক ওয়ার্ডের দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে রোগীর অভিভাবকদের বিস্তারিত কথা শোনা এবং প্রতিটি শিশুকে প্রয়োজনীয় সময় দেওয়ার সুযোগও সীমিত হয়ে পড়ছে।
এ প্রসঙ্গে ডা. মো. সালাহউদ্দীন বলেন, একজন চিকিৎসকের পক্ষে এত রোগীকে যথাযথভাবে চিকিৎসা দেওয়া অত্যন্ত কঠিন। শিশুদের অভিভাবকদের সব কথা শোনারও পর্যাপ্ত সময় পাওয়া যায় না। তারপরও নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। উপজেলা পর্যায়ে শিশু বিশেষজ্ঞ না থাকায় জেলা সদরে রোগীর চাপ সবসময় বেশি থাকে। শিশুদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই।
গত সোমবার ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত নয় মাস বয়সী সন্তানকে নিয়ে ভোলা জেনারেল হাসপাতালে আসেন তজুমদ্দিনের কামরুল ইসলাম। তিনি জানান, বাড়ির কাছেই তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে শিশু বিশেষজ্ঞ না থাকায় প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদরে আসতে হয়েছে। কিন্তু হাসপাতালেও শয্যা পাননি। সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি।
শুধু কামরুল ইসলাম নন, একই অভিজ্ঞতা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা অভিভাবকদের। তাদের অভিযোগ, উপজেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ না থাকায় বাধ্য হয়ে জেলা সদরে আসতে হয়। অথচ এখানেও রোগীর চাপ এত বেশি যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় অনেক পরিবারকে সরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে।
হাসপাতালে ভর্তি এক শিশুর মা মরিয়ম বেগম বলেন, “তিন বছর বয়সী অসুস্থ শিশুকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে ভর্তি করেছি, কিন্তু হাসপাতালেও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নাই। বেসরকারিভাবে চিকিৎসা করানোর সামর্থ্যও আমাদের নাই। তাহলে আমরা কই যামু?”
২০২২ সালের জনশুমারি অনুযায়ী, ভোলা জেলায় শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৬ লাখ ৪১ হাজার, যা জেলার মোট জনসংখ্যার ৩৩ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে ১০ বছরের কম বয়সী শিশু রয়েছে ৪ লাখ ২৭ হাজার। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় পাঁচ বছরের নিচে শিশুর সংখ্যা ২ লাখ ২৫ হাজার।
এসব শিশুর চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলার সাতটি সরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞের অনুমোদিত পদ রয়েছে আটটি। এর মধ্যে ভোলা জেনারেল হাসপাতালে একজন সিনিয়র কনসালট্যান্ট এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন জুনিয়র কনসালট্যান্ট কর্মরত রয়েছেন। বাকি ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অর্থাৎ জেলার পাঁচটি হাসপাতালে কোনো শিশু বিশেষজ্ঞ নেই। ফলে উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যত অনুপস্থিত।
ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, জেলার সাতটি সরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞের আটটি পদ রয়েছে। এর মধ্যে ভোলা সদর হাসপাতাল ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে চিকিৎসক কর্মরত আছেন। বাকি ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এতে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। শূন্য পদগুলোতে চিকিৎসক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শিশু চিকিৎসায় এই সংকটের পাশাপাশি ভোলা জেনারেল হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবাও জনবল সংকটে চাপে রয়েছে। হাসপাতালটিতে চিকিৎসকের অনুমোদিত ৮৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৭ জন। ফলে জেলার প্রধান সরকারি হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলের অভাবে বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, শয্যাসংকট ও অতিরিক্ত রোগীর চাপ—সব মিলিয়ে ভোলায় শিশুস্বাস্থ্যসেবা এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত শূন্য পদগুলোতে শিশু বিশেষজ্ঞ নিয়োগ এবং সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের শয্যাসংখ্যা ও জনবল বাড়ানো না হলে জেলার বিপুলসংখ্যক শিশুর চিকিৎসাসেবা নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়বে।