শিক্ষকদের যথাযথ মর্যাদা, ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য সংগঠনটির ভোলা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ আব্দুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রভাষক মেহেদী হাসান।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ভোলা শহরের একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এ বি এম জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এম নুরুল ইসলাম, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসির আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি ইব্রাহিম আল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার প্রশিক্ষণ সম্পাদক মো. আব্দুল মোমেন ও সাহিত্য সম্পাদক এইচ এম আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের প্রধান কারিগর। তাদের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করা না গেলে মানসম্মত শিক্ষা এবং উন্নত জাতি গঠন সম্ভব নয়। অথচ দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার, সামাজিক মর্যাদা ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের জীবনমান উন্নয়ন, চাকরির নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ জন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূর করতে হবে।
শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সম্মেলনের শেষ পর্যায়ে আগামী দুই বছরের জন্য জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি মাস্টার হাবিবুর রহমান ও শামসুল আলম চৌধুরী এবং জয়েন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষা ও শিক্ষকতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।