কৃষকদল নেতা হত্যা

ফরিদপুরে নিক্সন চৌধুরীসহ ২৪৬ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনসহ মোট ২৪৬ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।

রবিবার(২২ নভেম্বর) দুপুরে রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেন। গত ১৮ নভেম্বর রাতে হামিরদী এলাকায় সংঘর্ষ ও সহিংসতার সময় রাজু মোল্লা নিহত হন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ১৭ নভেম্বর রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের কয়েকশ সমর্থক অগ্নিসংযোগ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এ সময় অস্ত্র নিয়ে মহড়ার অভিযোগও ওঠে।

সে সময় বাড়ি ফেরার পথে হামলাকারীদের সামনে পড়েন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। এ সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়। তার মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। এ ঘটনায় ফরিদপুর জেলা ও ভাঙ্গা উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরদিন ১৮ নভেম্বর ভাঙ্গা মহাসড়কে রাজুর জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বলেন, ‘আমার স্বামী হত্যায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।

‎মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘রাজু হত্যা মামলায় নিক্সন চৌধুরীসহ এজাহারনামীয় ৯৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাপরিচয় আরো আসামি রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে ভাঙ্গায় ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন আনসার, একটি ভ্রাম্যমান এসআরবি  সদস্য এবং  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।