বড় পর্দায় অংকন রায়

চলতি সপ্তাহে মুক্তি পাওয়া সরকারি অনুদানে নির্মিত যাপিত জীবন চলচ্চিত্রে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ চ্যাম্পিয়ন অংকন রায়। অনিমেষ আইচের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। অংকন ছাড়াও এতে অভিনয় করেছেন অভিনেতা আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আশনা হাবিব ভাবনা, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণসহ আরও অনেকে। এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অংকন বলেন, ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে দেশের গুণী শিল্পীদের সঙ্গে অভিনয় আমার ব্যতিক্রমী একটি অভিজ্ঞতা। তাদের অভিনয় করতে পেরে আমি অনেক খুশি। আমি আশা করি চলচ্চিত্রটি দর্শকদের মন জয় করবে।

প্রসঙ্গত, অংকন রায় শিল্পী হিসেবে পরিচিত পেলেও ইতিপূর্বে মির্জা গালিবের সরকারি অনুদানের ‘ধর’ নামক টেলিফিল্মে অভিনয় করেছেন যা জাতীয় পুরস্কার অর্জন করেছে। এ ছাড়া শিল্পী হিসেবে তার অর্জনের তালিকায় রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সংগীতশিল্পী পুরস্কার ২০১৬। তিনি ২০১৭ সালে চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন। অংকন রায় বর্তমানে সংগীত নিয়ে অনার্স করছেন।