নতুন চমক ইভা আরমানের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ এএম

দেশের সংগীতাঙ্গনের সফল এক কণ্ঠশিল্পীর নাম ইভা আরমান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় তার সুরেলা কণ্ঠে অসংখ্য গান উপহার দিয়েছেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গীতিকার-সুরকার এবং লেখক হিসেবেও বেশ সুনাম কুড়ান এই গায়িকা। তবে মাঝখানে ব্যক্তিগত নানা কারণে গান থেকে খানিকটা দূরে থাকলেও বেশ কিছুদিন  থেকে আবার চেনা ছন্দে ফিরেছেন অডিও অঙ্গনে। সেই ধারাবাহিকতায় সদ্য প্রকাশ পেয়েছে ইভা আরমানের নতুন গান ‘প্রবাসী’। নিজের কথা ও সুরের এই গানের সংগীতায়োজন করেছেন এম এম পি রনি এবং ভিডিও পরিচালনা করেছেন মারুফ রহমান। গানটি চিত্রায়িত হয়েছে আমেরিকার ভার্জিনিয়াতে।

এর মধ্য দিয়ে এবারই প্রথম প্রবাসীদের নিয়ে গান করলেন ইভা। গানটি তিনি প্রবাসীদের উৎসর্গ করেছেন বলেও জানালেন। তার ভাষ্য, ‘প্রবাসী ভাই-বোনদের ছোট ছোট সুখ ও দুঃখ-কষ্টের কথা তুলে ধরার চেষ্টা করেছি গানটিতে। দীর্ঘ ক্যারিয়ারে নানা বিষয়ে গান করেছি। তবে এবারের এই গানের অভিজ্ঞতা অন্যরকম বলতে পারি।’

ইভা আরমান ২০০৪ সাল থেকে নিয়মিত গান করছেন। তার প্রথম অ্যালবাম ‘মনের ছোট্ট ঘরে’। মোট ২৪টি একক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। আইয়ুব বাচ্চু, এস আই টুটুল, রাজেশ ঘোষ, বাপ্পা মজুমদার, ইবরার টিপু, মান্নান মোহাম্মদ ও তাপসসহ আরও অনেকের সুরে তিনি গানে কণ্ঠ দিয়েছেন। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ীর সঙ্গে ‘ইচ্ছে দেওয়ানা’ নামে একটি গানের অ্যালবামে যৌথভাবে গান রিলিজ করেছেন তিনি।

ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই নির্মিত কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে ‘রাক্ষুসী’তে প্লেব্যাক করেন ইভা। এ সিনেমার গানের জন্য ইভা রহমান ২০০৭  সালে ভারতের কলকাতা থেকে বেস্ট সিঙ্গার হিসেবে ‘কলাকার অ্যাওয়ার্ড’ নির্বাচিত হন।

ক্যারিয়ারে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন ইভা আরমান। এর মধ্যে ২০০৭ সালে ‘বাবিসাস অ্যাওয়ার্ড, ২০১০ সালে বিনোদনধারা পারফরম্যান্স অ্যাওয়ার্ড, ২০১২ সালে ‘বাচসাস অ্যাওয়ার্ড’ ও ২০১৭ সালে এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এ সেরা কণ্ঠশিল্পী সম্মাননা পান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত