সংগীতাঙ্গনের দুই প্রজন্মের দুই শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান ও মৌসুমী আক্তার সালমা প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিলেন ‘রূপকুমারী’ শিরোনামের নতুন একটি দ্বৈত গানে। সম্প্রতি পিয়াল হাসানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়। ফোক ও আধুনিক রোমান্টিক আবহে নির্মিত এই গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। এতে অভিনয় করেছেন আনজুমান মেহজাবিন ও রুহুল আমিন। জমকালো দৃশ্যায়ন ও বর্ণিল উপস্থাপনায় ভিডিওটি সাজানো হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান।
পিতা হারানোর শোক কাটিয়ে এই গানের মাধ্যমেই নতুন করে কাজে ফিরেছেন সালমা। গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সালমা জানান, অত্যন্ত ভালোবাসা ও যতœ নিয়ে কাজটি করা হয়েছে এবং এটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে তিনি আশাবাদী। গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, সালমা এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ও গুণী একজন শিল্পী। তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান করার অভিজ্ঞতা দারুণ। ফোক ও আধুনিকতার মিশেলে তৈরি ‘রূপকুমারী’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের বেশ ভালো সাড়া পাচ্ছি, যা আমাদের অনুপ্রাণিত করছে।
প্রকাশের পর গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধন এবং আধুনিক সংগীতায়োজনের কারণে ‘রূপকুমারী’ ইতিমধ্যে আলোচনায় এসেছে। নতুন গান প্রকাশের পাশাপাশি কনসার্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমা। সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে তার আরেকটি গান ‘মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর’। সম্প্রতি রেকর্ড করেছেন আরও একটি গান। পাশাপাশি চলছে নিয়মিত মঞ্চ পরিবেশনা। কয়েক দিন আগেই চট্টগ্রামে গান গেয়েছেন তিনি। শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।