যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা আমদানির প্রতি আগ্রহী হয়ে উঠছে বাংলাদেশের বিভিন্ন বস্ত্র ও তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান। প্রচলিত সরবরাহ ব্যবস্থার তুলনায় প্রায় ৬ শতাংশ কম দামে তুলা সরবরাহের প্রস্তাব দেওয়ায় দেশীয় ক্রেতাদের মধ্যে এ আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান আমেরিবাংলা করপোরেশন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আসওয়ার রহমান বলেন, যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা সংগ্রহের সুযোগ থাকায় মধ্যস্বত্বভোগী ছাড়াই তুলা সরবরাহ করা সম্ভব হচ্ছে। এতে প্রচলিত সরবরাহ ব্যবস্থার তুলনায় প্রায় ৬ শতাংশ কম দামে বাংলাদেশের ক্রেতাদের কাছে তুলা পৌঁছে দেওয়া যাচ্ছে।
গত শনিবার ঢাকার একটি হোটেলে আমেরিবাংলা করপোরেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
আসওয়ার রহমানের ভাষ্য অনুযায়ী, এনভয় গ্রুপ, স্কয়ার ও রোজ গোল্ড করপোরেশনসহ দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তুলা আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠানে তুলা সরবরাহের বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রতিযোগিতামূলক দামের কারণে আরও অনেক প্রতিষ্ঠান তাদের কাছ থেকে তুলা কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে।
তিনি জানান, বর্তমানে পশ্চিম আফ্রিকার তুলার তুলনায় মার্কিন তুলা দামের দিক থেকে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ব্রাজিলের তুলার সঙ্গেও দামের প্রতিযোগিতায় সক্ষম হওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।
আমেরিবাংলা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৪০ টন মার্কিন তুলা সরবরাহ করেছে। আগামী বছর থেকে সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী দুবছরের মধ্যে বাংলাদেশে প্রতি মাসে ১ হাজার ৬০০ কনটেইনার, অর্থাৎ প্রায় ৩২ হাজার টন তুলা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
দেশে সরবরাহ কার্যক্রম আরও গতিশীল করতে গুদামভিত্তিক বিতরণ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম ও গাজীপুরের টঙ্গীতে দুটি গুদাম স্থাপনের জন্য সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা করছে আমেরিবাংলা।
এ প্রসঙ্গে আসওয়ার রহমান বলেন, বাংলাদেশ সরকার আনোয়ারায় গুদাম স্থাপনের যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।
তুলার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি গম ও সয়াবিন আমদানি করে বাংলাদেশের ক্রেতাদের কাছে সরবরাহের পরিকল্পনাও রয়েছে তাদের। এ ক্ষেত্রে গুদামভিত্তিক বিতরণ ব্যবস্থা কাজে লাগানো হবে।
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আমেরিবাংলা জানিয়েছে, বড় পরিসরে তুলা সরবরাহের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সহায়তা কাজে লাগিয়ে ব্রাজিলের তুলার সঙ্গে মার্কিন তুলার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে চায় তারা।
২০২৪ সালের ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় আমেরিবাংলা করপোরেশন। একই বছরের নভেম্বরে বাংলাদেশে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, গত দুবছরে প্রচলিত ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীনির্ভর সরবরাহ ব্যবস্থার বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি বাংলাদেশের ক্রেতাদের কাছে তুলা বিক্রির ব্যবস্থা চালু করেছে তারা।
এ কার্যক্রমকে আরও সহজ করতে কটনপোর্ট নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভাসমান নিলামব্যবস্থাও চালু করেছে প্রতিষ্ঠানটি। এ ব্যবস্থায় মার্কিন তুলাবাহী চালান চট্টগ্রাম বন্দরের কাছাকাছি পৌঁছালে আগে থেকে অনুমোদিত ক্রেতারা নিলামে অংশ নিয়ে তুলা কেনার সুযোগ পান।