এসএমই মেলায় দেশীয় পণ্য প্রদর্শন করবে ৪৫০ প্রতিষ্ঠান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১১ এএম

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। গতকাল রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ৪৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ৬০ শতাংশের মালিক নারী উদ্যোক্তা।

মেলায় স্থান পেয়েছে পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত সামগ্রী, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সাতটি দপ্তর ও সংস্থা, সরকারি-বেসরকারি প্রায় ১৭টি প্রতিষ্ঠান, সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’ এবং বিভিন্ন এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়। বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) নির্বাচিত হয়েছেন ফারজানা ইসলাম মৌরী। বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) হিসেবে পুরস্কার পেয়েছেন হানিয়াম মারিয়া চৌধুরী এবং পুরুষ উদ্যোক্তা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন সৈয়দ আমিনুল কবির। বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) হয়েছেন এসএম ফারুক হাসান।

অন্যদিকে বর্ষসেরা স্টার্টআপ ক্যাটাগরিতে আইপেজ গ্লোভালের মাসরুর হোসাইন শহীদ, বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস ক্যাটাগরিতে হামিদ হাসান আলভী, বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ক্যাটাগরিতে মুসনাদ-ই আহমদ এবং বিশেষ উদ্যোক্তা ক্যাটাগরিতে তৃতীয় লিঙ্গের সিদ্দিক ভুঁইয়া রিজভী সিনথিয়া পুরস্কার অর্জন করেন। প্রধানমন্ত্রী নিজ হাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, মেলার প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্পসচিব আব্দুন নাসের খান এবং পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের পক্ষে ফারজানা ইসলাম মৌরী।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে মেলা ঘুরে দেখতে পারবেন।

মেলার পাশাপাশি আগামী ২৩ ও ২৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে তিনটি সেমিনার ও একটি সংলাপের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত