দরপত্র বাতিলে তড়িঘড়ি, ২ হাজার কর্মীর সঙ্গে চুক্তির উদ্যোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ এএম

বাংলাদেশ ব্যাংকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত প্রায় দুই হাজার কর্মীকে সরাসরি চুক্তির আওতায় আনার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। নিজস্ব প্রবিধানে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিন বছরের জন্য কর্মী নিয়োগের দুটি দরপত্র বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। অথচ দরপত্র আহ্বানের পর নীতিমালা সংশোধন করা হলেও পরবর্তী সময়ে অর্থ বিভাগের স্পষ্টীকরণে আগের নিয়মে দরপত্র কার্যক্রম সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে দরপত্র বাতিলের যৌক্তিকতা এবং সরাসরি চুক্তিতে যাওয়ার উদ্যোগ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর তিন বছরের জন্য ৮৮৪ জন অফিস সহায়ক ও দুজন তত্ত্বাবধায়কের সেবা নিতে দুটি উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এর চার দিন পর, ২১ সেপ্টেম্বর অর্থ বিভাগ আউটসোর্সিং নীতিমালা সংশোধন করে। তবে দরপত্র জমার নির্ধারিত সময় ১৫ অক্টোবর শেষ হওয়ার আগেই ৬ অক্টোবর দরপত্র দুটি বাতিল করে বাংলাদেশ ব্যাংক। ৭৫/২০২৬ নম্বর দরপত্রে ৪৬০ জন অফিস সহায়ক ও একজন তত্ত্বাবধায়ক এবং ৭৬/২০২৬ নম্বর দরপত্রে ৪২৪ জন অফিস সহায়ক ও একজন তত্ত্বাবধায়কের সেবা নেওয়ার কথা ছিল। পরে ৭৭/২০২৬ ও ৭৮/২০২৬ নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র দুটি বাতিল করা হয়। বাতিল বিজ্ঞপ্তিতে মূল দরপত্রের ১২ নম্বর শর্ত উল্লেখ করা হলেও সংশোধিত নীতিমালাকে সরাসরি বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।

এরপর গত ১৬ নভেম্বর অর্থ বিভাগের এক স্পষ্টীকরণে বলা হয়, ২১ সেপ্টেম্বর বা তার আগে শুরু হওয়া আউটসোর্সিং সেবা ক্রয়ের কার্যক্রম নির্দিষ্ট শর্তে আগের নিয়মে সম্পন্ন করা যাবে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫ অনুসরণ করতে হবে। তবে চুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর হতে পারবে।

অর্থাৎ নীতিমালা সংশোধনের কারণে আগে শুরু হওয়া সব কার্যক্রম বন্ধ করার বাধ্যবাধকতা নেই। যদিও অর্থ বিভাগের স্পষ্টীকরণে বাতিল হওয়া দরপত্র স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হয়নি, তবে আগের প্রক্রিয়া পুনর্বিবেচনার সুযোগ তৈরি হয়েছে। ফলে দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিধিবিধান ও বিকল্প ব্যবস্থা যথাযথভাবে পর্যালোচনা করা হয়েছিল কি না, সে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ ব্যাংক সাধারণ সরকারি দপ্তর নয়; এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর অধীনে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আদেশের ৮২(১) ও ৮২(২) অনুচ্ছেদে পরিচালনা পর্ষদকে নিজস্ব প্রবিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতাবলে প্রণীত বাংলাদেশ ব্যাংক ব্যয় প্রবিধানমালা, ২০২৪-এর ৫৮ নম্বর প্রবিধানে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা নেওয়ার বিধান রয়েছে। এর ৫৮(১) অনুযায়ী, আউটসোর্সিংয়ের জনবলের শ্রেণি ও সংখ্যা নির্ধারণ করবে পরিচালনা পর্ষদ। আর ৫৮(২) অনুযায়ী, প্রযোজ্য ক্রয়বিধি অনুসরণ করে সেবা ক্রয়ের চুক্তি অনুমোদন করতে পারেন গভর্নর।

অন্যদিকে একই প্রবিধানের ৫৯(১) অনুযায়ী, সরাসরি চুক্তিভিত্তিক কর্মসংস্থানের জন্য পরিচালনা পর্ষদের সুনির্দিষ্ট অনুমোদন প্রয়োজন। অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়া এবং ব্যক্তির সঙ্গে সরাসরি চুক্তি করার ক্ষেত্রে পৃথক বিধান রয়েছে। ফলে নতুন উদ্যোগের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমোদন, নিয়োগের শর্ত ও আইনগত ভিত্তি স্পষ্ট করা জরুরি।

বর্তমানে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য সহায়ক কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় দুই হাজার কর্মী নিয়োজিত রয়েছেন বলে সংশ্লিষ্টদের দাবি। তাদের মধ্যে অরনেটের মাধ্যমে কর্মরত কর্মীরাও রয়েছেন। বর্তমান ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। কিন্তু সরাসরি চুক্তি চালু হলে কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ চুক্তিগত সম্পর্ক তৈরি হবে। এতে নিয়োগ, চুক্তি নবায়ন, শৃঙ্খলা ও অভিযোগ নিষ্পত্তির প্রশাসনিক দায়িত্ব বাড়বে।

এ ছাড়া ভবিষ্যতে চাকরি স্থায়ীকরণের দাবি এবং অতিরিক্ত আর্থিক দায় তৈরির আশঙ্কাও রয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৩ক ধারায় ঠিকাদারের মাধ্যমে শ্রমিক সরবরাহের বিধান রয়েছে। তবে শুধু চুক্তিপত্রে কাউকে চুক্তিভিত্তিক কর্মী উল্লেখ করলেই তার প্রকৃত কর্মসম্পর্ক নির্ধারিত হয় না। কাজের ধরন, নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের বিষয়ও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ এবং ধারাবাহিকভাবে চুক্তি নবায়নের ক্ষেত্রে ভবিষ্যতে আইনি বিরোধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

বাংলাদেশ ব্যাংকে অতীতেও দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের নিয়মিত করার নজির রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৩০ জানুয়ারি পরিচালনা পর্ষদের ৩৮৫তম সভায় এ ধরনের কর্মীদের নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সঙ্গে ভবিষ্যতে এমন নিয়োগ নিয়মিতকরণের বিষয়টি বিবেচনা না করার সিদ্ধান্ত হয়েছিল বলে সংশ্লিষ্টদের দাবি।

নতুন উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একাংশের মধ্যেও উদ্বেগ রয়েছে। তাদের অভিযোগ, কর্মচারী পর্যায় থেকে পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা হওয়ার সুযোগ থাকায় কর্মকর্তা পর্যায়ে পদসংখ্যা ও পদোন্নতি নিয়ে চাপ তৈরি হচ্ছে। এর মধ্যে সরাসরি চুক্তিভিত্তিক বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করা হলে ভবিষ্যতে জনবল ব্যবস্থাপনায় জটিলতা বাড়তে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত