বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান বিএসইসির

সামাজিক মাধ্যমে দেশের পুঁজিবাজার নিয়ে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে এসব ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে কিংবা ঘটানো হবে এমন ঘোষণা দিয়ে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে।

কমিশন বলছে, এ ধরনের প্রচারণার কোনো বাস্তব ভিত্তি বা সত্যতা নেই। সম্পূর্ণ গুজবনির্ভর এসব তথ্য বিনিয়োগকারীদের মধ্যে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই এ ধরনের তথ্য প্রচার কিংবা শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএসইসি।

এ ছাড়া, সামাজিক মাধ্যমে এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও কমিশনের বিবেচনায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএসইসি আরও জানিয়েছে, দেশের পুঁজিবাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রত্যাশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

দেশের শেয়ারবাজারে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়া বিনিয়োগকারীদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সামাজিক মাধ্যম, বিভিন্ন অনলাইন গ্রুপ ও অনানুষ্ঠানিক সূত্রে ছড়িয়ে পড়া কোম্পানির আর্থিক অবস্থা, লভ্যাংশ ঘোষণা, শেয়ারদর বৃদ্ধি কিংবা বড় বিনিয়োগের গুজবে প্রভাবিত হচ্ছেন অনেক বিনিয়োগকারী।