কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

উৎপাদনের পাশাপাশি মাছের রপ্তানি বাড়াতে গুরুত্ব দিতে হবে

দেশের মৎস্য সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব প্রদানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

গতকাল মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬  উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুলতান সালাউদ্দিন বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। এক সময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য। এ খাতের সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করতে হবে। নদী-খালের নাব্য কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ার কারণে মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। শিল্পকারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত করা এবং নদী-খালের দূষণরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ  উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পানিপ্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী-মোহনায় নাব্য ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন।