বেড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপি নেতা বহিষ্কার

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই স্থানীয় বিএনপি নেতা মঈন উদ্দিন খাজাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কৃত মঈন উদ্দিন খাজা বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

​পাবনা জেলা বিএনপির প্যাডে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, রবিবার (২২ নভেম্বর) রাতে মঈন উদ্দিন খাজাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। 

তিনি জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঈন উদ্দিন খাজাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি দলের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

​তবে কি ধরনের শৃঙ্খলাভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার।

​এ বিষয়ে জানতে সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য টাওয়া যায়নি।

​তবে বহিষ্কৃত বিএনপি নেতা মঈন উদ্দিন খাজার অভিযোগ, গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নেতাকর্মীরা মাঠে থেকে প্রতিহত করলেও ওই সময় সংসদ সদস্যের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। তার দাবি, ২১ তারিখ সংসদ সদস্য প্রশাসনকে সঙ্গে নিয়ে উপজেলা কার্যালয়ে আসেন এবং আন্দোলনে নিষ্ক্রিয়তার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানোয় তাকে অন্যায়ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে।