ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে নিহত বেড়ে ২৪

ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে কারখানার ভেতরে ছড়িয়ে থাকা আগুনের অবশিষ্ট অংশ নেভানোর কাজও চলছে। খবর আল জাজিরা। 

সোমবার (২৩ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহান্তে এ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শনিবার সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া কারখানায় আগুন লাগে।

সোমবারও সেখানে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে আগুনের অবশিষ্ট উত্তপ্ত অংশ এবং ভবনটির ক্রমশ দুর্বল হয়ে পড়া কাঠামোর কারণে উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বান্তেন প্রদেশের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত ও নিরাপদ অবস্থায় পাওয়া গেছে। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ২৪টি মরদেহের ব্যাগ সরিয়ে নিয়েছেন। 

কারখানাটির মূল প্রতিষ্ঠান পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া এর আগে এক সংবাদ সম্মেলনে জানান, শনিবারের শিফটে কারখানা কমপ্লেক্সে প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন।

রবিবার এক সংবাদ সম্মেলনে পুলিশের দুর্যোগে নিহতদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি দ্বি পালুপি জানান, আগুনের তীব্রতার কারণে উদ্ধার করা মরদেহগুলো চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। 

তিনি বলেন, নিখোঁজ কর্মীদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তাঁদের ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্রও শনাক্তকরণ প্রক্রিয়ায় কাজে লাগানো হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে কারখানাটি থেকে ভয়াবহ আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। রাজধানী জাকার্তার পাশেই অবস্থিত তিনতলা ভবনটির ভেতরের ভিডিওতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। আগুনে কারখানার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে কালো হয়ে গেছে এবং অনেক কিছু সম্পূর্ণ ধ্বংস হয়েছে।