দাবানলের দূষণের জন্য ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

দীর্ঘ কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বায়ুদূষণ ছড়িয়ে পড়ায় ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। দাবানলের জন্য দায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

রবিবার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হওয়া আসিয়ান সম্মেলনের এক অধিবেশনে এ ক্ষমা চান প্রাবোও। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাবোও বলেন, ‘আমাদের দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল, যা নিয়ন্ত্রণে আনতে প্রায় চার মাস সময় লেগেছে। সেই আগুনের ধোঁয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়ে। এ জন্য প্রতিবেশী দুই দেশের কাছে আমি ক্ষমা চাইছি। যদিও এর জন্য আমরা দায়ী নই, তবু আবারও দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’

দাবানলের জন্য দায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি দাবানল প্রতিরোধে কার্যক্রম জোরদার করতে নতুন একটি সংস্থা গঠনের প্রস্তুতির কথাও জানান তিনি।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, দাবানলে ভূমিকা রাখা কোনো কোম্পানির ব্যাপারেই ইন্দোনেশিয়া সরকার ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।

প্রাবোও জানান, এ পর্যন্ত ১৭টি কোম্পানির বন ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে। আরও ২৬টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে, ১১টির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং আরও ২৩টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি চলছে। সব মিলিয়ে পুলিশের তদন্তের আওতায় রয়েছে ১০৪টি কোম্পানি।

দাবানল নিয়ন্ত্রণে ৭১ হাজার বনকর্মী ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। আগুন নেভানোর কাজে গিয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

রবিবার এক সংবাদ সম্মেলনে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো বলেন, আসিয়ান সম্মেলনের অধিবেশনে ইন্দোনেশিয়া দাবানল মোকাবিলায় তাদের নেওয়া পদক্ষেপ ও প্রচেষ্টার বিষয়ে খোলামেলা বক্তব্য দিয়েছে।

গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটির সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ এলাকায় আগুনে বনভূমি পুড়ে গেছে।

গত কয়েক মাস ধরে এসব দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। তবে আগুন নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার সমালোচনা না করে বরং দেশ দুটির পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত