সবাই চেয়ারম্যান হতে চায়!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভিলেজ পলিটিক্স এখন তুঙ্গে। সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা দল গোছাতে ব্যস্ত রয়েছেন। চলছে গ্রাম্য প্রভাবশালী ব্যক্তিদের দল ভাঙ্গাগড়া। সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা প্রভাবশালীদের নিজের দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে।

এই উপজেলায় রয়েছে ১১টি ইউনিয়ন। তবে ভোট হবে ৯টি ইউনিয়নে। বাকি দুইটি ইউনিয়ন সীমানা বিরোধের কারণে ভোটের তালিকা থেকে বাদ পড়েছে। ইউনিয়ন দুইটি হলো আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়ন। ইসির পরিকল্পনা অনুযায়ী এ উপজেলায় আগামী বছরের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হবে। আর এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়া হবে। বিএনপির সমর্থন পেতে এখন মরিয়া হয়ে উঠেছেন চেয়ারম্যান পদের সমর্থন প্রত্যাশীরা। তারা মনে করছেন,সরকার দলের সমর্থন পেলে বিজয় সুনিশ্চিত। তাই নেতাদের কাছে তদবিরে ব্যস্ত সবাই। 

খোঁজ নিয়ে জানা গেছে,প্রতিটি ইউনিয়নে পাঁচ-ছয় জন করে বিএনপির সমর্থন প্রত্যাশী। কোনো কোনো স্থানে বিএনপির চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশীদের মধ্যে পাল্টাপাল্টি শোডাউন চলছে। এই উপজেলায় বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পক্ষে একাংশ। আরেকাংশ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের পক্ষে।

সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারম্যান প্রার্থীর তথ্য-উপাত্ত যাচাই-বাছাই কমিটি জীবনবৃত্তান্ত জমা নিয়েছে। এতে উপজেলার ১১টি ইউনিয়নের ৪৮ু জন চেয়ারম্যান প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। তবে এতে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দেননি,যারা মূলত স্থানীয় সংসদ সদস্যের অনুসারী। এছাড়া বিভিন্ন ইউনিয়নের কয়েকজন হেভিওয়েট প্রার্থী দলীয় সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হবেন এমন গুঞ্জনও রয়েছে।

বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাছান চৌধুরী বলেন,তার ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনিসহ পাঁচ জন বিএনপির সমর্থন প্রত্যাশী। অবস্থা এমন সবাই চেয়ারম্যান হতে চায়। আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক বলেন,এ উপজেলায় এখনো ইউনিয়ন পরিষদের নির্বাচনের তপশিল ঘোষণা হয়নি। চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশীরা লবিং শুরু করেছে। নেতাদের কাছে তদবির করছে। প্রতি ইউনিয়নে এবার অধিকসংখ্যক চেয়ারম্যান প্রার্থী দলীয় সমর্থন প্রত্যাশী বলে জানান তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন,‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশীর সংখ্যা প্রতিটি ইউনিয়নে অনেক বেশি। সমর্থনের জন্য জীবনবৃত্তান্ত জমাকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে প্রতি ইউনিয়ন থেকে একজনের নাম চূড়ান্ত করা হবে। বিষয়টি চূড়ান্ত হওয়ার পর কেন্দ্রীয় বিএনপিকে অবহিত করা হবে।’

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন,‘কেন্দ্রের নির্দেশনা মতে,দলের জন্য যারা ত্যাগী ও এলাকায় বেশ জনপ্রিয় রয়েছে তাদেরকে দলীয় সমর্থন দেওয়া হবে। আর যারা দলের হয়েও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সঙ্গে আঁতাত ছিল বা আছে তাদেরকে দলীয় সমর্থন দেওয়া হবে না।’