চট্টগ্রাম জেলার আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নববধূকে মারধর, শ্লীলতাহানি ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ সময় নববধূর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়। এ ঘটনায় স্বামীসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজনেরা।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি এলাকার একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমিন সুলতানার ভাই মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন তার বাবা নাছির উদ্দীন, মা চেমন আরা বেগম এবং স্বজন মো. সেকান্দর ও হ্যাপী আক্তার।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ অক্টোবর নাছির উদ্দীনের মেয়ে নাজমিন সুলতানার সঙ্গে মো. তৌহিদুল ইসলামের বিয়ে হয়। ১০ লাখ টাকা দেনমোহরে অনুষ্ঠিত এ বিয়েতে কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়। তবে বিয়ের পর থেকেই স্বামীর মায়ের প্ররোচনায় তৌহিদুল আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতন শুরু করেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগ অনুযায়ী, যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত ৮ নভেম্বর দুপুরে নাজমিনকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়। পরদিন ৯ নভেম্বর তার ভাই ইকবালসহ স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাদের গালিগালাজ করেন।
এর প্রতিবাদ করায় স্বজনদের সামনেই নাজমিনের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া, কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ সময় তার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর তালাকের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় নববধূকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় ভুক্তভোগীর মা চেমন আরা বেগম গত ১৭ নভেম্বর আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুরকে (৫০) আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে বিয়ের তিন দিনের মাথায় নববধূকে ফেলে পালিয়ে যাওয়া স্বামী তৌহিদুল ইসলামসহ মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোনো মেয়েকে এ ধরনের প্রতারণা ও নির্যাতনের শিকার হতে না হয়, সে দাবিও জানান স্বজনেরা।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।