 ওএমএসের দীর্ঘ সারি

মৌলিক অধিকার নিশ্চিতে চাই সুরক্ষা

অপেক্ষা বড় যাতনার, অপেক্ষা বড় অনিশ্চয়তার, অপেক্ষার ফল কখনো কখনো হয় মনঃপীড়ার। ওপার বাংলার খ্যাতিমান কবি জয় গোস্বামী তার ‘অপেক্ষা’ কবিতায় বলেছেন, ‘যতবার বেল বাজে/ভাবি তুমি এলে/দরজা খুলে দেখি, অন্য কেউ/মনে ঢেউ ওঠে, মনে/মরে যায় ঢেউ...’। কিন্তু ২৩ নভেম্বর দেশ রূপান্তরে ‘অপেক্ষা’ শিরোনামে প্রকাশিত ফিচার ফটোতে যে মানবিক গল্প দৃশ্যমান হয়েছে তা ভিন্ন রকমের ক্লান্তিকর মনঃপীড়ার। এই অপেক্ষা অন্য কিছুর নয়, ন্যায্যমূল্যে জঠরজ্বালা মেটানোর ওএমএসের চালের জন্য সারিবদ্ধ মানুষের পথ চেয়ে থাকা, কখন আসবে চালবাহী যান। ওই ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘অপেক্ষা করতে করতে ক্লান্ত মানুষগুলো তবুও বসে থাকেন, শেষ পর্যন্ত যদি সুযোগ মেলে’। রাজধানীর ধোলাই খালের ক্যামেরাবন্দি স্থিরচিত্রটি বিচ্ছিন্ন কিছু নয়, বরং আমাদের সাম্প্রতিককালের জীবন-জীবিকার অখণ্ড বাস্তবতা; যা নতুন কিছুও নয়। ছবির মুখগুলো সাক্ষ্য দেয়, অপেক্ষমাণরা শুধু খেটে খাওয়া মানুষ নন, নিম্নমধ্যবিত্ত কিংবা মধ্যবিত্তেরও একাংশ।

এরও আগে ১২ নভেম্বর ‘দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি’Ñ দেশ রূপান্তরের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের গর্ভে যে তথ্য উঠে এসেছে বলা যায়, ফিচার ফটোটি এরই বর্ধিতাংশ প্রতিফলন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে না পেরে নিম্নবিত্তদের পাশাপাশি এখন নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষও ভর্তুকি মূল্যের চাল-আটার জন্য ওএমএসের সারিতে দাঁড়াচ্ছেন। বিক্রয়কেন্দ্রগুলোতে ক্রেতার সংখ্যা ব্যাপক হারে বাড়লেও সেই অনুপাতে চাল ও আটার বরাদ্দ বাড়েনি। অপেক্ষার পর শূন্য থলি নিয়ে ফিরে যাওয়া মলিন মুখাবয়বও সংবাদমাধ্যমেই এ যাবৎ কম প্রকাশিত-প্রচারিত হয়নি। ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রতিদিন বিপুলসংখ্যক মানুষকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে, সংবাদমাধ্যমের এই বার্তাও দূর অতীতের নয়। দিনমজুর ও শ্রমজীবী মানুষরা দিনের অর্ধেক সময় ওএমএসের ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকায় তাদের দৈনন্দিন আয় ও কর্মঘণ্টা নষ্ট করে নিরাশ হয়ে ফিরে যাওয়া শুধু সরবরাহ কিংবা ব্যবস্থাপনাগত ঘাটতিই নয়, রাষ্ট্রীয় সংগতির বিষয়টিও যুক্ত।

 ১২ নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের অনুষ্ঠানে বলা হয়েছে, দেশে এখনো প্রায় সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদের মধ্যে প্রায় ১ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। রক্তস্নাত বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তা স্বীকার্য। তবে এও অনস্বীকার্য, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক রূপান্তর ঘটেনি। সমাজের সবচেয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষকে সরকারের প্রাণান্ত চেষ্টার পরও অর্থনীতি ও সমাজের মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, বিদ্যমান বাস্তবতা তা-ই বলে। সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা ব্যবস্থার পথ সুগম করলেও বৈষম্যের পারদ আছে ঊর্ধ্বমুখীই। সরকারের জনকল্যাণমূলক নীতি কিংবা কর্মসূচি বাস্তবায়নের দায়দায়িত্ব যাদের, তাদের একাংশের অনাচারী-দুরাচারী-কদাচারী চিত্রের সঙ্গেও ওই স্থিরচিত্রের মতোই আমরা পরিচিত। এর ফলে অনেকেই একদিকে বঞ্চিত হন সরকারের প্রদেয় সুবিধা থেকেÑ অন্যদিকে অসাধু দায়িত্বশীলরা উদোর ভরেন সুবিধাবঞ্চিতদের ন্যায্যতায় থাবা বসিয়ে।

ওএমএসের ক্ষেত্রেও এমন ঘটনা কম ঘটেনি। অনেক ক্ষেত্রেই নীতি যেখানে অনৈতিকতার গহ্বরে পরে, ব্যবস্থাপনায় দৃশ্যমান হয় গলদ; সেখানে সরকারের সদিচ্ছার বাস্তবায়ন সহজ নয়। আমাদের সমস্যা হলোÑ ব্যাধি শনাক্ত হলেও এর উপশমে বৃহদাংশেই প্রয়োগ হয় টোটকা দাওয়াই। আমরা মনে করি, সুবিধাবঞ্চিতদের ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি ওএমএসসহ সামাজিক সুরক্ষার প্রতিটি ক্ষেত্রে সরকারের নজর আরও গভীর করা এবং সমস্যার প্রতিবিধানে সুদূরপ্রসারী দৃষ্টি জরুরি। বাজারে নজরদারি-তদারকি বাড়াতে হবে। অতি মুনাফাখোরদের লোমশ হাত আইনি প্রক্রিয়ায় গোটানোর ব্যবস্থা নিতে হবে নির্মোহভাবে। সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে মানুষের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। মনে রাখা বাঞ্ছনীয়, অভাব কিংবা দারিদ্র্য কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এ মানুষেরই তৈরি এবং মানুষের কর্মের মাধ্যমেই তা জয় ও নির্মূল করা সম্ভব। মানুষের অধিকার নিশ্চিত করা কোনো দয়া বা দান নয়, বরং এটিই ন্যায়বিচার।