ট্রেডমিলে উল্টো হাঁটলে কী হয়

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ এএম

ট্রেডমিলে উল্টো হাঁটা বা ‘রেট্রো ওয়াকিং’ চল বেশ বাড়ছে। এর ফলে হাঁটুর জোর বৃদ্ধি, শরীরের ভারসাম্য ঠিক থাকে এবং পায়ের পেশি সচল হয়।

উল্টো দিকে হাঁটার সময় পায়ের পাতার সামনের অংশ আগে মাটি স্পর্শ করে এবং প্রতিটি পা খুব সাবধানে ও নিয়ন্ত্রণ রেখে ফেলতে হয়। এর ফলে উরুর সামনের পেশি (কোয়াড্রিসেপ্স), পেছনের পেশি এবং পায়ের ফুলে থাকা পেশিগুলো ভিন্নভাবে কাজ করতে শুরু করে। বিশেষ করে, উরুর সামনের পেশি হাঁটুকে শক্ত রাখতে বড় ভূমিকা নেয়। পেছনে না তাকিয়ে হাঁটার ফলে মস্তিষ্ক ও পেশির মধ্যে বোঝাপড়া আরও গভীর হয়, যা শরীরের ভারসাম্য বা ব্যালান্স বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া হাঁটুর জোর ও কার্যক্ষমতা বাড়ে : সিঁড়ি ভাঙা, চেয়ার থেকে ওঠা বা হাঁটার জন্য উরুর সামনের পেশি শক্তিশালী হওয়া জরুরি। নিয়মিত কিছুক্ষণ উল্টো দিকে হাঁটলে এই পেশির শক্তি বাড়ে এবং হাঁটুর জড়তা কমে।

হাঁটুর ব্যথায় স্বস্তি মেলে : অস্টিওআর্থ্রাইটিস বা বাতের ব্যথায় অনেকেই ভোগেন। উল্টো দিকে হাঁটলে হাঁটুর জয়েন্টের ওপর চাপের ধরন বদলে যায়। নিয়মিত চিকিৎসার পাশাপাশি এই ব্যায়ামটি করলে হাঁটুর ব্যথা ও অস্বস্তি অনেকটাই কমে আসে।

শরীরের ভারসাম্য ঠিক রাখে : যেহেতু উল্টো দিকে হাঁটা সহজাত অভ্যাস নয়, তাই পা ফেলার সময় অনেক বেশি মনোযোগী হতে হয়। এতে স্নায়ু ও পেশির সমন্বয় ভালো হয় এবং হঠাৎ পড়ে যাওয়ার প্রবণতা কমে।

পায়ের পেশির একঘেয়েমি কাটে : প্রতিদিনের হাঁটা বা দৌড়ানোর বদলে এটি পায়ের পেশিগুলোকে একটি নতুন পরিস্থিতির সম্মুখীন করে। তবে এটিকে স্কোয়াট বা অন্যান্য সাধারণ ব্যায়ামের বিকল্প নয়, বরং সহায়ক বলা যায়।

জেনে রাখুন : যেহেতু উল্টো দিকে হাঁটতে বাড়তি মনোযোগ লাগে, তাই শুরুতেই গতি বাড়াতে যাবেন না। ট্রেডমিলের পেছনের দিকে মুখ করে দাঁড়ান এবং খুব ধীরগতিতে মেশিন চালু করুন। মেরুদ- সোজা ও হাঁটু সামান্য ভাঁজ রেখে ছোট ছোট পদক্ষেপে হাঁটুন। শুরুতে ভারসাম্য রাখতে ট্রেডমিলের হাতল ধরে রাখাই ভালো। সপ্তাহে তিন দিন মাত্র ১০ মিনিট করে হাঁটলেও ভালো ফল পাওয়া যায়। তবে প্রাথমিক পর্যায়ে ২-৫ মিনিট দিয়ে শুরু করে ধীরে ধীরে সময় বাড়ানো উচিত। যাদের হাঁটুতে তীব্র ব্যথা আছে, সম্প্রতি পায়ে চোট পেয়েছেন বা অস্ত্রোপচার হয়েছে, কিংবা যাদের প্রায়ই মাথা ঘোরে বা ভারসাম্য হারানোর সমস্যা রয়েছে, তাদের চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ ছাড়া এটি করা একেবারেই উচিত নয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত