গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ এএম

ক্ষমতায় থাকা বা ক্ষমতার বাইরে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, ভয়ভীতি প্রদর্শন, হামলা, মামলা ও প্রতিশোধের রাজনীতি এ দেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। সহিংসতার বিস্তার প্রশ্ন তুলছে আমরা কি গণতন্ত্রের পথে এগোচ্ছি, না সহিংস রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছি? গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশ ও প্রতিবাদের অধিকার থাকবে। কিন্তু অধিকার প্রতিষ্ঠার নামে হত্যা, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, সরকারি স্থাপনায় হামলা বা সাধারণ মানুষের জীবন ও সম্পদের ক্ষতি গ্রহণযোগ্য নয়। এক পক্ষের সহিংসতা কখনো অন্য পক্ষের সহিংসতার বৈধতা দেয় না।  নভেম্বরের মাঝামাঝি থেকে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, সংঘর্ষ এবং সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়; সাধারণ মানুষের নিরাপত্তা, চলাচল, জীবিকা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত।

বিভিন্ন জেলায় আহত-নিহতের দায় কার, তা নিরপেক্ষ তদন্তে নির্ধারিত হওয়া জরুরি। রাজনৈতিক পরিচয় যাই হোক, মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আবার কোনো রাজনৈতিক দলের ব্যক্তি, তার বাড়িঘর, দলীয় কার্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধরের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় ১০ থেকে ১৯ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য শাখা বা কার্যালয়ে হামলা কিংবা অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা নথিভুক্ত হয়েছে। ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে আইনজীবীকে জনতার পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাটি গুরুতর। তার বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের মামলায় অভিযোগ রয়েছে এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। কিন্তু অভিযোগের বিচার আদালতে হতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে পরিবারের সদস্যদের হয়রানি বা গ্রেপ্তারের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। মৌলিক প্রশ্ন হলো কোনো ব্যক্তির অপরাধের দায় কি তার স্ত্রী, মা, বোন, সন্তান বা অন্যের ওপর চাপানো যায়? অপরাধের দায় ব্যক্তিগত। আত্মীয়তার সূত্রে কাউকে অপরাধী বানানো যায় না। কোনো পরিবারের সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ না থাকলে, কেবল রাজনৈতিক সম্পর্কের কারণে তাকে গ্রেপ্তার বা হয়রানি করা আইনের শাসনের পরিপন্থী। অস্বীকার করার সুযোগ নেই, ২০০৯-২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, রাজনৈতিক মামলা ও বিরোধী মত দমনের বহু গুরুতর অভিযোগ ও তথ্য উঠে এসেছে। অধিকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে ২,৬৯৯টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ৬৭৭টি গুমের ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, গুম কমিশন ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১,৫৬৯টি গুমের ঘটনা শনাক্ত করেছে। কমিশন আশঙ্কা প্রকাশ করেছে, প্রকৃত গুমের সংখ্যা শনাক্ত ঘটনার তুলনায় দুই থেকে তিনগুণ বা তারও বেশি। এই তথ্য রাষ্ট্রীয় নিপীড়নের ব্যাপ্তি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে। 

যারা গুম, হত্যা, নির্যাতন, দুর্নীতি বা অন্য কোনো গুরুতর অপরাধে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু অতীতের অপরাধের বিচার করতে গিয়ে বর্তমানে অন্যায় করা যায় না। একজন অপরাধীর বিচার হবে নিজের অপরাধের প্রমাণের ভিত্তিতে; তার রাজনৈতিক সহকর্মী, পরিবারের সদস্য বা আত্মীয়দের পরিচয়ের ভিত্তিতে নয়। সহিংস রাজনীতি শুধু মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করে না; এটি রাজনৈতিক প্রতিষ্ঠান, বিচারব্যবস্থা, সামাজিক আস্থা এবং গণতান্ত্রিক মূল্যবোধকেও দুর্বল করে। যখন রাজনৈতিক বিরোধের সমাধান আলোচনার বদলে হামলা ও প্রতিশোধের মাধ্যমে খোঁজা হয়, তখন ভিন্নমত প্রকাশের জায়গা সংকুচিত হয়ে যায়। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অভিযোগের ভিত্তিতে কাউকে আটক, অপদস্থ বা শাস্তি দেওয়ার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, তখন আইনের শাসনের জায়গায় ভয়ের শাসন প্রতিষ্ঠিত হয়। সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার, ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার এবং ৩৫ অনুচ্ছেদে বিচার ও শাস্তি সম্পর্কে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ৩৭ অনুচ্ছেদে শান্তিপূর্ণ ও নিরস্ত্র সমাবেশের অধিকার এবং ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত। সর্বজনীন মানবাধিকার ঘোষণার ৩, ৫, ৭, ৯, ১০ ও

রাজনৈতিক কর্মসূচির নামে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হত্যা বা সরকারি স্থাপনায় হামলা যেমন আইনের আওতায় আনতে হবে, তেমনি রাজনৈতিক প্রতিশোধের নামে মব সহিংসতা, বাড়িঘরে হামলা, মারধর ও বেআইনি আটক বন্ধ করতে হবে। কোনো অপরাধের অভিযোগ থাকলে তদন্ত হবে, প্রমাণ উপস্থাপন করা হবে, অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং আদালত বিচার করবে। যে রাষ্ট্রে রাজনৈতিক পরিচয় মানুষের নিরাপত্তা নির্ধারণ করে, যেখানে জনতা বিচারকের ভূমিকা নেয় এবং প্রতিশোধকে ন্যায়বিচার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা হয়, সেখানে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা  কি সহিংসতার সংস্কৃতি  ও প্রতিশোধের রাজনীতি  চালিয়ে যাব, নাকি মানবাধিকার, ন্যায়বিচার  ও আইনের শাসনের পথে এগোব? রাজনৈতিক পরিচয় অপরাধের প্রমাণ নয়, আবার রাজনৈতিক পরিচয় অপরাধের দায় থেকে কাউকে মুক্তি দেয় না। রাষ্ট্রের দায়িত্ব কোনো রাজনৈতিক পক্ষের প্রতিশোধ বাস্তবায়ন করা নয়; বরং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের নিরপেক্ষ বিচারের আওতায় আনা এবং নিরপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষা করা। অপরাধীর বিচার হোক, নিরপরাধের নিরাপত্তা নিশ্চিত হোক। প্রতিশোধের রাজনীতি নয় মানবাধিকার, আইনের শাসন ও শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানই বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি।

লেখক : নির্বাহী পরিচালক হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি

সর্বশেষ সর্বাধিক পঠিত