ঐকমত্য প্রতিষ্ঠার আশা যখন দুরাশা

তুরস্কের আনতালিয়ায় সমাপ্ত জলবায়ু সম্মেলনের বার্তা কী তা জিজ্ঞাসা আছে। মিডিয়ার প্রতিনিধিসহ ওই সম্মেলনে যারাই ছিলেন এবং এর বাইরেও সবারই প্রত্যাশা ছিল, আমাদের কিছু পেতে হবে। এই কিছু পেতে হবের পেছনে আমার কিছু কথা রয়েছে। কিছু পেতে গেলে কিছু দিতে হবে, কিছু করতে হবে। এ ধরনের সম্মেলনে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগের একটা বার্তা মিলে, সেটা হলো সম্প্রীতির বার্তা। সম্প্রীতির বার্তা বলতে সবার ঐকমত্য এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজনীয়তার ক্ষেত্রে বিশাল ঘাটতি দেখা দিয়েছে। বলা যায় কপ ৩১ কার্যত নিষ্ফল, সংকটেও দৃশ্যমান হলো বিভাজন। এমনটি বিদ্যমান জলবায়ু পরিস্থিতিতে আরও বড় অভিঘাত। এই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে নৈকট্য বাড়ানো ভিন্ন উপায় নেই। অনুন্নত দেশগুলোকে লক্ষ্য করে দেখা যায় এই ধরনের সম্মেলন আয়োজন করে উন্নত দেশগুলো তাদের নিজস্ব কর্মকাণ্ড জাহির করার জন্য উদগ্রীব থাকে। আসলে এভাবে যদি ক্রমাগত চলতে থাকে তাহলে এ ধরনের সম্মেলন ব্যর্থতায় পর্যবসিত হবে। দুর্যোগের মাত্রা বাড়তেই থাকবে। আর আমাদের এ ক্ষেত্রে যেসব করণীয় তা অনেক সুদূরপ্রসারীই থেকে যাবে, বাড়তে থাকবে ক্ষয়ক্ষতি।

আমাদের চিন্তা করতে হবে জলবায়ুর পরিবর্তনগুলো আমাদের কীভাবে মোকাবিলা করতে হবে। আমরা বলতে পারি, আসলে আমাদের এ ধরনের চাওয়া-পাওয়া এবং এই চাওয়া-পাওয়া থেকেই সমস্যার সৃষ্টি এবং এখান থেকেই তা নিরসনের পথ বাতলাতে হবে। এর কিনারা না হলে বছরের পর বছর এ রকম সম্মেলন হতেই থাকবে। কিন্তু মূল সংকট মোকাবিলার জন্য যে ধরনের পদক্ষেপ নিতে হবে অর্থাৎ সম্মিলিত পদক্ষেপ, আমাদের স্থানীয় পর্যায়ে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার তৎক্ষণাৎ মনোযোগ দিতে হবে সেদিকে। দুর্যোগ মোকাবিলার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোর ক্ষেত্রে আমরা কী ধরনের ভূমিকা পালন করছি তা ভাবতে হবে। আমরা বড় বড় সম্মেলনে গিয়ে আর্থিক ক্ষতি হিসাব না করেই ক্ষতিপূরণের অনুদান চাচ্ছি। তা ইতিবাচকতার প্রকাশ নয়। পরিবেশ ও দুর্যোগ নিয়ে কাজ করার পরিপ্রেক্ষিতে আমার এটুকু উপলব্ধি হয়েছে, আমরা নির্ণয় করি না কখন কীভাবে দুর্যোগ হতে পারে, আঘাত করতে পারে, তার ক্ষতি কত হতে পারে ইত্যাদি। ধরা যাক আমরা একটা সাইক্লোন নিয়ে চিন্তা করলাম। এই সাইক্লোনের অভিঘাত কীরকম হতে পারে এর আগে জরুরি সাইক্লোনকে আগে নির্ণয় করা, ক্ষতি কেমন করতে পারে ইত্যাদি। জলভাগে ক্ষতি কেমন হতে পারে, ভূমিতে আঘাত করার পরে এর মাত্রা কীরকম হতে পারে, তা কতদূর যেতে পারে, এ কারণে দ্বিতীয়বার কোনো দুর্যোগ হতে পারে কি না, এই যে আগাম চিন্তা করা এর প্রয়োজনীয়তা এড়ানো যাবে না। গবেষণার মাধ্যমে আমরা যদি এ বিষয়গুলো আগাম নির্ণয় করতে পারি, তাহলে আমরা যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় আগেই প্রস্তুতি নিতে পারব, এর আঘাত সামলে উঠতে পারব।

 প্রযুক্তিগত যে প্রক্রিয়াগুলো রয়েছে এবং আমরা এর সঠিক ব্যবহার করতে পারছি কিনা তাও নির্ণয় করতে হবে। অনেক ক্ষেত্রেই তা আমরা পারছি না বলেই বারবার দুর্যোগের, মহাদুর্যোগের সম্মুখীন হচ্ছি। তবে তা বাংলাদেশ কেন যেকোনো দেশের ক্ষেত্রেই হতে পারে। তবে এমন প্রেক্ষাপটে যখনই আমরা একসঙ্গে মিলিত হই, তখন কিন্তু যে যার দাবি বা সমস্যাগুলো তুলে ধরি। এ ধরনের একটা বড় দুর্যোগ মোকাবিলা বা যেকোনো ধরনের বহুমুখী দুর্যোগ কিংবা মহাবিপর্যয় যখন একটা দেশে ঘটে এ নিয়ে ভাবতে হবে। এর হার বৃদ্ধি পাওয়া এবং ক্ষতির যে তীব্রতা আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং কেন বাড়ছে তাও শনাক্ত করা দরকার। বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে, বাড়ছে এ আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কী পরিমাণ বেড়েছে কিংবা বাড়ছে এর প্রবণতা বা ঝোঁক কী রকম, তাও গবেষণার বিষয়। আগামী ১০ থেকে ১২ বছরের মধ্যে কীভাবে পরিবর্তন হতে পারে আমাদের বৈশ্বিক আবহাওয়া এবং জলভাগ, স্থলভাগে কী ধরনের প্রভাব পড়তে পারে এর নিরিখে ব্যবস্থা গ্রহণ কিংবা প্রস্তুতি নিতে হবে। এ ধরনের পদ্ধতি-উপায় বিজ্ঞানভিত্তিক সূত্রে প্রয়োগ করে যৌথভাবে প্রয়োগের জন্য যদি আমরা কোনো একটা সংগঠন তৈরি করতে পারি তাহলে পরিস্থিতি মোকাবিলার পথ সুগম হবে। দক্ষিণ এশিয়ার দুর্যোগ মোকাবিলায় আমাদের কিছু কাজ করা উচিত এবং তাও নির্ণয় সহজ হবে। কোনো দেশে স্থানীয় প্রভাব কিছু আছে, কিছু আবার বৈশ্বিক প্রভাব দৃশ্যমান। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির মুখ থেকে পদার্থ নির্গত হলে অগ্ন্যুৎপাত ঘটে এবং এর প্রভাব কোন দেশে কীভাবে পড়ছে এর স্থানীয় কোনো পর্যবেক্ষণ আমাদের নেই। তা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, কার্বন নিঃসরণের পরিমাণ বাড়তে থাকে, স্বাভাবিকভাবেই এর ফলে তাপমাত্রা বাড়তে থাকবে এবং এর বাইরে আমরাও নই। আমরা এ ধরনের সমস্যা সহজেই মোকাবিলা করতে পারতাম যদি এ নিয়ে বিশদ অবগত থাকতাম।

জলবায়ু পরিবর্তনের কথা বলতে গেলে আমাদের পরখ করতে হবে কী হারে তাপমাত্রা বাড়ছে, কোন কোন দিকে এর কী রকম প্রভাব পড়ছে এর সঠিক পরিসংখ্যান দরকার। এ জন্য সমস্যাগ্রস্ত দেশগুলোকে যূথবদ্ধভাবে কাজ করা জরুরি। জলবায়ু পরিবর্তনজনিত এ ধরনের কার্যকলাপ মোকাবিলা করতে গেলে যেমন দুর্যোগের ব্যাপারে বিশদ আগাম জানতে হবে ঠিক সেই অনুসারে মোকাবিলার প্রস্তুতিও নিতে হবে। সমন্বয়ের মাধ্যমে কোনো ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজ না করে শেষ পর্যন্ত আমরা কিন্তু এ ধরনের কার্যক্রম চালাতে গিয়ে সমন্বয়হীনতায় ভুগতে থাকি। কারোর নানা দুর্বলতা আছে, আবার কারোর অন্যদিকে অগ্রগতি আছে। এ জন্যই সমন্বিত পদক্ষেপ জরুরি। সমন্বিত কার্যক্রম সমস্যাগ্রস্তদের মুক্তির পথ সুগম করতে পারে। ছোট দেশ যখন দুর্যোগ আক্রান্ত হবে বড় দেশ তখন এগিয়ে আসবে। বড় দেশে কোনো দুর্যোগ হলে ছোট দেশও সেখানে তার মানুষকে উদ্ধার করার জন্য পাঠাতে পারবে। এই যে আন্তঃযোগাযোগ-আন্তঃসমন্বয় এর গুরুত্ব সর্বাধিক। সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলা করতে গেলে বৈশ্বিকভাবে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যাতে বিপর্যস্তদের দিকে দ্রুত হাত প্রসারিত হয়।

প্রশ্ন হচ্ছে, এবারের জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশের কী প্রাপ্তি হলো। এ প্রসঙ্গে খুব জোরেশোরে বলার তেমন কিছু আছে বলে মনে করি না, যদিও অঙ্গীকার-প্রতিশ্রুতির ক্ষেত্রে ভাটা দেখা যায়নি। বাংলাদেশ এমনই একটা দেশ এখানে আসলে অনেক গবেষণাই হয় কিন্তু গবেষণার যে বাস্তবে প্রয়োগ তা যথাযথ কার্যক্ষেত্রে প্রতিফলিত হয় না। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে আমাদের বিশেষজ্ঞদের গবেষণালব্ধ বিষয়গুলো উপস্থাপন করে এর নেতিবাচকতা সম্পর্কে কার্যক্রম বাড়ালে এরও বাড়তি ফল নিশ্চয় মিলবে। আমরাও কিন্তু বিশ্বের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে যেতে পারি যে, দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন পথ আমরা উদ্ভাবন করতে সক্ষম। আমাদের শুধু একভাবে চিন্তা করলে হবে না, আমাদের খাল-বিল-নদীনালা সবগুলোই যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগী হতে হবে এবং এ ধরনের কার্যক্রমে সরকার ও জনগণ সবাইকেই একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

যে সহনশীল তাপমাত্রা পৃথিবীবাসীকে সহনশীল পরিবেশে বসবাসের যোগ্য করে রাখবে সেই বিষয়ে মনোভাব হতে হবে সমান্তরাল। তাপমাত্রার তারতম্য এবং কোন এলাকায় তা কতটা প্রভাব ফেলবে তাও জানতে হবে। জলবায়ু পরিবর্তননির্ভর যে সাহায্য-সহযোগিতা দরকার কিংবা ক্ষতিপূরণ পাওয়া উচিত তাতে যেমন জোর দিতে হবে তেমনি এর পাশাপাশি আমাদের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিও বাড়াতে হবে। দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার একটি পদ্ধতি, যা পুনরুদ্ধার ও পুনর্গঠনের আর্থিক চাহিদা নিরূপণে সাহায্য করে তাও আয়ত্ত করতে হবে। সমন্বিত কার্যক্রম, সমন্বিত গবেষণার ফল দ্রুত প্রকাশ করা এবং পরিবেশ রক্ষার জন্য আমাদের যে ধরনের তথ্য-উপাত্ত প্রয়োজন গবেষণার জন্য তা উন্মুক্ত রাখতে হবে। আন্তঃসম্পর্ক উন্নয়নসহ বিশ্বপর্যায়ে সহযোগিতা ভিন্ন কোনো গত্যন্তর নেই। জলবায়ু সম্মেলনের মতো এ ধরনের সম্মেলনের কার্যকারিতা, এর উপকারিতা এবং প্রভাব ইত্যাদির আগে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও এর ভবিষৎ পরিণাম উপস্থাপনের প্রয়োজনীয়তা সর্বাধিক। দুর্ভাবনা হলো, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক ঐকমত্য প্রতিষ্ঠার আশা নিয়ে তুরস্কের আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া কপ ৩১ বিশ্ব জলবায়ু সম্মেলন ১৪ দিনের বেশি সময় আলোচনা, বহু খসড়া প্রণয়ন এবং সমঝোতার চেষ্টার পরও কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এবং চূড়ান্ত চুক্তিপত্রে জীবাশ্ম জ্বালানি বন্ধের সরাসরি উল্লেখ বাদ পড়ায় মূল আলোচনায় বড় কোনো অগ্রগতি হয়নি। ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়া প্রত্যাখ্যান করেছে। তবে আনুষ্ঠানিক চুক্তির চেয়ে দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও সাইডলাইন বিনিয়োগ চুক্তি (যেমন নবায়নযোগ্য জ্বালানিতে বিলিয়ন ডলারের বিনিয়োগ) বেশি গুরুত্ব পেয়েছে।

লেখক : প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিশেষজ্ঞ। অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

nath.gis79@gmail.com