চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনায় এবার নতুন মুখ এভারেস্ট পোর্ট সার্ভিসেস। লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক এই প্রতিষ্ঠান আগামী ৬ মাসের জন্য পরিচালনা করবে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালটি (সিসিটি)। চারটি কিউ গ্যান্ট্রিক্রেন-সমৃদ্ধ এই টার্মিনাল দিয়ে চট্টগ্রাম বন্দরের ১৬ শতাংশ কনটেইনার ওঠানামা করে থাকে। এতদিন এই টার্মিনালটি পরিচালনা করত তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক।
সিসিটি পরিচালনার দায়িত্ব হাতছাড়া হওয়ার পর চট্টগ্রাম বন্দরে সরাসরি আর কোনো টার্মিনাল সাইফ পাওয়ারটেকের অধীনে নেই। এর আগে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা করেছিল প্রতিষ্ঠানটি। পরে তা চিটাগাং ড্রাইডককে দিয়ে দেওয়া হয় এবং সর্বশেষ তা দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। গতকাল সোমবার ২৩ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রসনা শারমিন মিথি স্বাক্ষরিত চিঠিতে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে সিসিটির অপারেটর হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। চিঠি অনুযায়ী, আজ থেকে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটি কনটেইনার ও কনটেইনারজাত কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করবে। গতকাল সিসিটি পরিচালনার দায়িত্ব পাওয়ার আদেশ পাওয়ার পর দেশ রূপান্তরের প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘গত ৪০ বছর ধরে আমি বন্দরের কার্যক্রম পরিচালনা করছি। আজকের এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া ৪০ বছরের অভিজ্ঞতার ফসল।’
তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) রাত ১২টার পর থেকেই টার্মিনাল পরিচালনা আমরা করব। তা নিয়ে আমাদের প্রস্তুতিও রয়েছে। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনায় কোনো বিঘœ ঘটবে না।’
কীভাবে কাজ পেল এভারেস্ট? : সিসিটি এতদিন পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক। কিন্তু প্রতিষ্ঠানটির সঙ্গে ছয় বছরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হওয়ার পর তাদের তিন সপ্তাহের সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং সে হিসেবে গতকাল ২৩ নভেম্বর ছিল মেয়াদের শেষ দিন। এজন্য আজ ২৪ নভেম্বর থেকে নতুন কাউকে কিংবা সাইফ পাওয়ারটেককে আবারও সময় বাড়িয়ে দেওয়া লাগত। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন পরিচালনাকারী খুঁজতে উন্মুক্ত দরপত্র এড়িয়ে সীমিত দরপত্র বা এলটিএম আহ্বান করে এবং সময়ও কম দেয়। গত ১৭ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে দরপত্র জমার জন্য মাত্র ৪৮ ঘণ্টা সময় দেয়। এই সীমিত সময়ের কারণে অনেকে দরপত্র সংগ্রহ ও জমা দিতে পারেনি বলে অভিযোগ রয়েছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে। তারপরও এই সময়ের মধ্যে দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এভারেস্ট পোর্ট সার্ভিসেস সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা দর প্রস্তাব করে। বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভির দর ছিল ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার ৪০০ টাকা। অন্যদিকে শামীম এন্টারপ্রাইজ ৪২ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা দর দেয়। বিধি অনুযায়ী সর্বনিম্ন দরদাতা হিসেবে সিসিটি পরিচালনার দায়িত্ব পায় এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।
বন্দর ব্যবহারকারীদের বক্তব্য : সিসিটি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর মধ্যে অন্যতম। এটি পরিচালনার জন্য ইতিমধ্যে সৌদি আরবের রেডসিগেটওয়ে আগ্রহ প্রকাশ করেছে। তাদের আগ্রহের কথা বিবেচনা করে বাংলাদেশ বিনিয়োগ করপোরেশনকে ইতিমধ্যে প্রক্রিয়া শুরুর নির্দেশনাও দেওয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে। এদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সাইফ পাওয়ার টেক থেকে এখন এভারেস্ট সার্ভিসেসকে দিলে সমস্যা হবে কি না কিংবা বন্দরের অপারেশনাল কাজে বাধাগ্রস্ত হবে কি না তা জানতে চাওয়া হয়েছিল বন্দর ব্যবহারকারীদের কাছে। এ বিষয়ে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের কাজ হচ্ছে কার্গো জাহাজে করে নিয়ে আসা। আর জাহাজ থেকে পণ্য খালাস ও জাহাজে পণ্য ওঠানোর কাজ করবে বন্দর কর্তৃপক্ষ। এখন বন্দর কর্তৃপক্ষ এই কাজ কাদের দিয়ে করাবে এটা সম্পূর্ণ তাদের বিষয়। আমরা চাইব বন্দরের কার্যক্রম যাতে গতিশীল থাকে।’
সাইফ যুগের অবসান : চট্টগ্রাম বন্দরে ২০০৭ সাল থেকে কনটেইনার টার্মিনাল পরিচালনার কাজ করে আসছিল সাইফ পাওয়ার টেক। এনসিটি ও সিসিটি কনটেইনার টার্মিনাল পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম বন্দরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল প্রতিষ্ঠানটি। গত বছরের ৭ জুলাই সাইফ পাওয়ার টেককে সরিয়ে টার্মিনাল পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডকে। এতে এনসিটি হাতছাড়া হয় সাইফের। কিন্তু সিসিটি ঠিকই পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। গতকাল ২৩ নভেম্বর সিসিটিও হাতছাড়া হয়ে যাওয়ার পর চট্টগ্রাম বন্দরে টার্মিনাল পরিচালনার যুগ শেষ হলো প্রতিষ্ঠানটির।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর দিয়েই দেশের ৯৩ শতাংশ পণ্য পরিবাহিত হয়ে থাকে। এই বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল হলো এনসিটি কনটেইনার টার্মিনাল। এই টার্মিনাল ছাড়াও বর্তমানে জিসিবি (জেনারেল কার্গো বার্থ), সিসিটি ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল দিয়ে চট্টগ্রাম বন্দরের সব পণ্য ওঠানামা হয়ে থাকে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে। এর বাইরে পতেঙ্গায় লালদিয়া টার্মিনালটি ৪৫ বছরের জন্য নির্মাণ ও পরিচালনা করবে ডেনমার্কের এপি মুলার। এর বাইরে বঙ্গোপসাগরের তীরে হালিশহর সাগর পাড়ে নির্মাণ হতে যাওয়া বে টার্মিনাল ২০৩০ সালের মধ্যে অপারেশনে আসতে পারে। বে টার্মিনালে তিনটি টার্মিনাল নির্মিত হবে। এই তিনটির মধ্যে একটি ডিপি ওয়ার্ল্ড এবং অপরটি পিএসএস সিঙ্গাপুর নির্মাণ ও পরিচালনা করবে। এ ছাড়া তৃতীয় মাল্টিপারপাস টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালনার কথা থাকলেও এটিও অন্য কোনো দেশকে দায়িত্ব দেওয়া হতে পারে।