গাজীপুর-সাভারে ফের শ্রমিক অসন্তোষ

 মহাসড়ক অবরোধের চেষ্টা ২১ কারখানায় ছুটি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ এএম

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সাভারে সড়ক অবরোধ ও অবরোধের চেষ্টা হয়েছে। গতকাল সোমবার সকালে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে তাদের গাড়ি লক্ষ্য করে শ্রমিকরা ইটপাটকেল ছোড়ে। পরে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে গতকাল ২১টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে আরও ২২টি কারখানা। গতকাল সকালে সাভারের নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের সড়কে অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে গতকাল দ্বিতীয় দিনের মতো শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধের চেষ্টা চালায়। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। জানা গেছে, এর আগে সকালে বেশ কিছু উচ্ছৃঙ্খল বহিরাগত শ্রমিক লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করলে কারখানা কর্তৃপক্ষ দ্রুত কারখানাগুলো ছুটি ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রীপুর মডেল থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ সর্তক আছে।

সাভার (ঢাকা) : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গতকাল সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশের পর কাজ না করে বের হয়ে যায়। এ সময় কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের কারখানায় হামলা ও সড়ক অবরোধের চেষ্টা করে ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৩ নারী শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্র চিকিৎসা দেওয়া হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ৩৩টি পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত