পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির বৈঠকে শ্রমিক প্রতিনিধি ও মালিকপক্ষ ঐকমত্যে পৌঁছেনি। মজুরি বোর্ডের পক্ষ থেকে মালিকদের দেওয়া প্রস্তাবটি প্রকাশও করা হয়নি। তবে শ্রমিকরা মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করছে এবং বোর্ডে লিখিত প্রস্তাব দিয়েছে। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সোবহানী সাংবাদিকদের জানান, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মতপার্থক্যের কারণে মালিকপক্ষের প্রস্তাবটি প্রকাশের সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আরও আলোচনা বাকি রয়েছে। আজ (সোমবার) রাত ১০টা পর্যন্ত বৈঠক চলবে এবং প্রয়োজন হলে মঙ্গলবারও বৈঠক অনুষ্ঠিত হবে।
বোর্ড চেয়ারম্যান বলেন, আলোচনা শেষে প্রকাশ করার মতো পর্যায়ে পৌঁছালেই মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি সংবাদমাধ্যমে জানানো হবে। এদিকে শ্রমিকপক্ষের দাবি, মালিকদের দেওয়া প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে, শ্রমিকপক্ষের দাবি করা মজুরি অনেক বেশি বলে জানিয়েছে মালিকপক্ষ। গতকালের সভায় বোর্ড চেয়ারম্যান, স্থায়ী শ্রমিক প্রতিনিধি সৈয়দ আনোয়ার হোসেন ও মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন ছাড়াও নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।
গতকাল বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের দেওয়া প্রস্তাব নিয়ে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় আলোচনা শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা ওই সভার ফাঁকে বিকেলে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘আমরা মালিকপক্ষের প্রস্তাব পেয়েছি। কিন্তু তা এখনই প্রকাশ করার সিদ্ধান্ত হয়নি। এখনো আলোচনা শেষ হয়নি, সব পক্ষের (মালিক-শ্রমিক-সরকার) যুক্তি ও পাল্টাযুক্তি চলছে। অনেকগুলো বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে এমন কোনো সিদ্ধান্ত নেব না যেটা বেআইনি হয়, অবাস্তব হয়।’ সন্ধ্যায় সভা শেষে ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রস্তাব তুলে ধরা হবে কি না সাংবাদিকরা তা জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, আমাদের একটু দিন সময় দেন, এমন হতে পারে আমরা আগামীকালও সভা করতে পারি।
মজুরি বোর্ডের গতকালের সভা গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়েছিল। পরদিন বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, সভাটি ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়া ও তা আলোচনা করে সুপারিশ প্রণয়নের কথা বলা হয়।
গত অক্টোবরের শেষভাগ থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলন শুরু হয়ে চলতি মাসে তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে আন্দোলন সহিংস হয়ে ওঠে। কর্মবিরতি ও অবরোধ চলাকালে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে কয়েকশ’ কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সরকার ওই আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধন ও সহিংসতায় অর্থায়নের অভিযোগ তুলে। ওই পরিস্থিতিতে গ্রেপ্তার হয় শতাধিক শ্রমিক।
এদিকে, গতকাল সভা চলাকালে বোর্ড কার্যালয়ের সামনে ন্যূনতম মজুরি বৃদ্ধি ছাড়াও সাম্প্রতিক আন্দোলন-অবরোধে গ্রেপ্তার হওয়া শ্রমিক ও নেতাদের মুক্তি, শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ এবং মজুরি আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক ও সেলিমের পরিবারকে আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় দমন-পীড়নের পরিবর্তে অর্থবহ আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি মেনে নেওয়া, চাকরির নিরাপত্তা ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার ও চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার ও চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি করা হয়েছিল ৮ হাজার টাকা।