দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন খেলাপি ও শ্রেণীকৃত। গত সেপ্টেম্বরের শেষে এ ধরনের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসে শ্রেণীকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণ বেড়ে হয়েছে প্রায় ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ৩০ সেপ্টেম্বরের শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুনের শেষে এর পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যাংকগুলোর ঋণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। অথচ একই সময়ে শ্রেণীকৃত ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। এতে ব্যাংক খাতের ঋণমানের অবনতির চিত্র আরও স্পষ্ট হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত জুনে শেষে ব্যাংক খাতে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বরের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এ হিসাবে তিন মাসে শ্রেণীকৃত ঋণের হার ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। জুনের শেষে এ হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে নিট শ্রেণীকৃত ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ। শ্রেণীকৃত ঋণের পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণও বেড়েছে। সেপ্টেম্বরের শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। জুনে শেষে এ পরিমাণ ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার বেড়ে হয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশ। জুনের শেষে এ হার ছিল ৩১ দশমিক ৪১ শতাংশ।
গত মার্চের শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। আর ২০২৫ সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। সে হিসাবে চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। পরের তিন মাসেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। জুনের শেষে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছায়। সেপ্টেম্বরেও তা আরও বেড়েছে।
শ্রেণীকৃত ঋণের বড় অংশই এখন মন্দ বা ক্ষতিকারক ঋণ হিসেবে চিহ্নিত। সেপ্টেম্বরের শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা, যা মোট শ্রেণীকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। অর্থাৎ ব্যাংকগুলোর শ্রেণীকৃত ঋণের বড় অংশই আদায়-অনিশ্চিত অবস্থায় রয়েছে। এ ছাড়া বিশেষ নজরদারিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের (এসএমএ) ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।
খেলাপি ও শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তাসঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। সেপ্টেম্বরের শেষে ব্যাংকগুলোর মোট প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো সংরক্ষণ করতে পেরেছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে পুরো ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
অবশ্য আগের প্রান্তিকের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। গত জুনের শেষে এ ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে ঘাটতি কমেছে ৪ হাজার ১৯ কোটি টাকা। একই সময়ে প্রভিশন কভারেজ অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৭৫ শতাংশে। জুনের শেষে এ হার ছিল ৫৪ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরের শেষে প্রভিশন কভারেজ অনুপাত ছিল ২৮ দশমিক ৮২ শতাংশ।
ব্যাংক খাতের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ঋণ বিতরণে সামান্য প্রবৃদ্ধির বিপরীতে খেলাপি ও শ্রেণীকৃত ঋণের পরিমাণ বাড়ছে। বিশেষ করে শ্রেণীকৃত ঋণের ৯২ শতাংশের বেশি মন্দ বা ক্ষতিকারক পর্যায়ে চলে যাওয়ায় ঋণ আদায়ের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর সঙ্গে বিপুল অঙ্কের প্রভিশন ঘাটতি যুক্ত হয়ে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ ঋণ দেওয়ার সামর্থ্যরে ওপর বাড়তি চাপ তৈরি করছে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিএনপি সরকারের সময়েও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। এতে ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রভাব কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মনে করছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন। তিনি জানান, রাজনৈতিক প্রভাব ও সুশাসনের ঘাটতির কারণে দেশে ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতা বেড়েছে। ফলে ব্যাংকগুলোতে তারল্যসংকট তৈরি হচ্ছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় নতুন বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। ফাহমিদা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল করে রাখা হয়েছে। সব ব্যাংকের প্রকৃত তথ্য পুরোপুরি সামনে এলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে। তাই সাময়িক ছাড় দিয়ে সমস্যার সমাধান হবে না। এ জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকরী সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন না করে দ্রুত আদায়যোগ্য ঋণ আদায়ে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ার পেছনে অতীতের অনিয়মের পাশাপাশি ঋণের প্রকৃত মান নির্ধারণের ক্ষেত্রে নীতিগত পরিবর্তনও ভূমিকা রাখছে।