‘নিরীহ’ জেনেও ২ শ্রমিককে অস্ত্র মামলায় ফাঁসাল কোস্ট গার্ড

নুরুল আমিন (৫০) পেশায় বাবুর্চি ও পলাশ বাবু (৪৫) জেলে। কক্সবাজারের মহেশখালীর এই দুই শ্রমজীবীর বিরুদ্ধে থানায় অতীত কোনো অপরাধের তথ্য নেই। স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান ও প্রশাসকের চোখেও তারা নিরীহ। এমনকি গতকাল সোমবার উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় খোদ মামলার বাদী ও কোস্ট গার্ডের প্রতিনিধিও তাদের নিরীহ বলে স্বীকার করেছেন। তবুও ‘নিরীহ’ জেনেও কোস্ট গার্ডের দায়ের করা অস্ত্র মামলার আসামি হয়ে তাদের দিন কাটছে কারাগারে। গত ২০ নভেম্বর রাতে ৪৮ ও ৫১ ইঞ্চি লম্বা দুটি দেশীয় বন্দুকসহ কোস্ট গার্ডের হাতে আটক হন তারা। ওই অভিযান নিয়ে সংস্থার প্রেস ব্রিফিং ও নিজস্ব ফেসবুক পেজের ভিডিও, মামলার এজাহার এবং সভার বক্তব্যে মিলেছে ত্রিমুখী তথ্য। সভায় কোস্ট গার্ড প্রতিনিধি ঘেরের ঘর থেকে তাদের আটকের কথা জানিয়েছেন, যা এজাহারের তথ্যের পুরোপুরি বিপরীত। এ ছাড়া জব্দ তালিকায় স্থানীয় সাক্ষী না থাকায় অভিযানটির স্বচ্ছতা বড় প্রশ্নের মুখে পড়েছে।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ওই সভায় আটক দুই শ্রমিককে নিরীহ দাবি করেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি কোস্টগার্ডের উদ্দেশে প্রশ্ন রাখেন ‘ওরা নিরীহ শ্রমিক। অস্ত্র যদি পেয়ে থাকেন, তবে মূল হোতাদের কেন আটক করলেন না? কেন তাদের বিরুদ্ধে মামলা করলেন না?’

জবাবে সভায় উপস্থিত বিসিজি স্টেশন মহেশখালীর ভারপ্রাপ্ত কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) ও মামলার বাদী পেটি অফিসার সাগর মিস্ত্রী জানান, ওই দুই শ্রমিক নিরীহ বলে তিনিও জানেন। তবে একটি চিংড়ি ঘেরের ঘর থেকে তাদের আটক করা হয়েছে এবং ওই ঘরের ভেতরেই অস্ত্র ছিল। এ কারণে মামলা করা ছাড়া বিকল্প ছিল না বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন ডালিম বলেন, ‘দুই শ্রমিকের আটকের বিষয়ে গতকাল সোমবারের সভায় আলোচনা হয়েছে। এ ঘটনায় কোস্ট গার্ডকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

এদিকে খোদ বাদীর স্বীকারোক্তিতে মামলার এজাহারের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ, সাগর মিস্ত্রি থানায় যে এজাহার দিয়েছেন, সেখানে ঘেরের ঘরের উল্লেখ নেই। এজাহারে বলা হয়েছে ২০ নভেম্বর রাত ১০টায় ঘটিভাঙ্গা চ্যানেলে টহলরত অবস্থায় কোস্ট গার্ড খবর পায়, তাজিয়াকাটা ঘাট এলাকায় মাদকসহ চোরাচালানকারীরা অবস্থান করছে। পরে রাত সাড়ে ১০টায় তাজিয়াকাটার একটি কাঁচা রাস্তা থেকে পালানোর সময় ধাওয়া দিয়ে হাতে থাকা অস্ত্রসহ ওই দুজনকে আটক করা হয়।

বিপরীতে ২১ নভেম্বর বিসিজি স্টেশন কক্সবাজার পূর্ব জোনের প্রেস ব্রিফিং এবং সংস্থার ফেসবুক পেজের ভিডিওতে দেওয়া হয়েছিল ভিন্ন তথ্য। সেখানে বলা হয় কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদে রাত ১০টায় অভিযান চালানো হয়। আটকদের নিয়ে ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বন্দুক দুটি উদ্ধার করা হয়। অর্থাৎ, প্রেস ব্রিফিংয়ে বলা হলো ‘ডাকাতদলের আস্তানা’, এজাহারে ‘কাঁচা রাস্তায় ধাওয়া দিয়ে হাত থেকে উদ্ধার’, আর সভায় বাদী নিজেই জানালেন ‘চিংড়ি ঘেরের ঘর’।

তথ্যের এমন ত্রিমুখী গড়মিলের মধ্যেই সামনে এসেছে আটক দুই শ্রমিকের পরিচয়। নুরুল আমিন বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামের হাসান আলীর ছেলে এবং পলাশ বাবু বড় কুলাল পাড়া গ্রামের মৃত হৃদয় বাবুর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আমিন ওই মৎস্য ঘেরে রান্নার কাজ করতেন এবং পলাশ বাবু সেখানে কাঁকড়া ধরতেন। পুলিশের অপরাধ তথ্যভা-ার (পিসিপিআর) যাচাই করেও তাদের বিরুদ্ধে অতীতে কোনো মামলার তথ্য মেলেনি।

স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের নির্দোষ বলছেন। বড় মহেশখালী ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল জানান, আটক দুজনই তার এলাকার অত্যন্ত নিরীহ শ্রমিক। তাদের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি। কুতুবজোম ইউপি প্রশাসক আবদুর রহিম জানান, মার্ডার ঘোনা থেকে দুই নিরীহ শ্রমিককে কোস্ট গার্ড আটক করেছে বলে তিনি শুনেছেন।

জনপ্রতিনিধিদের এমন বক্তব্যের পর মামলার জব্দ তালিকা নিয়েও উঠেছে প্রশ্ন। আইন অনুযায়ী জব্দ তালিকায় স্থানীয় নিরপেক্ষ সাক্ষী রাখা জরুরি। কিন্তু এতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন অভিযানে অংশ নেওয়া মহেশখালী স্টেশনের তিন কোস্ট গার্ড সদস্য মো. সাইদ ইব্রাহিম, মোহাম্মদ তোফাজ্জল ও নয়ন মিয়া। জব্দ তালিকার ৩ নম্বর ক্রমিকে বাদী সাগর মিস্ত্রি লিখেছেন মধ্যরাতে অভিযান হওয়ায় কোনো স্থানীয় সাক্ষী পাওয়া যায়নি। অথচ তার এজাহারেই সময় উল্লেখ রয়েছে রাত সাড়ে ১০টা থেকে ১১টা।

স্থানীয়রা বলেন, রাত ১১টায় ওই এলাকায় মানুষের যাতায়াত থাকে এবং পাশেই বসতবাড়ি রয়েছে। তাছাড়া তাজিয়াকাটা ঘাটের পাশে জনসাধারণের চলাচলের কোনো কাঁচা রাস্তা নেই বলে নিশ্চিত করেছেন স্থানীয় বোট মালিক ও মাদ্রাসা কমিটির সদস্য মুহাম্মদ আলমগীর। তিনি জানান, ঘাটের পাশে কেবল মৎস্য ঘেরের বাঁধ ও বেড়িবাঁধ রয়েছে।

এই তথ্যের সত্যতা মেলে ঘটনাস্থলের পাশের ট্রলারের দুই পাহারাদারের বর্ণনায়ও। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই প্রত্যক্ষদর্শী জানান, যাদের বক্তব্যের ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে, অভিযান তাজিয়াকাটা ঘাটে হয়নি। রাত সাড়ে ১২টার দিকে ‘মার্ডার ঘোনা’ মৎস্য প্রকল্পের খামারঘরে স্পিডবোট নিয়ে এসে কোস্ট গার্ড চিৎকার শুরু করলে ২০ থেকে ২২ জন শ্রমিক পালিয়ে যান। পালাতে না পেরে ধরা পড়েন নুরুল আমিন ও পলাশ বাবু। আটকের সময় তাদের হাতে কোনো অস্ত্র ছিল না।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, ‘প্রেস ব্রিফিংয়ে এক তথ্য, এজাহারে অন্য তথ্য, আবার আইনশৃঙ্খলা সভায় ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। সরকারি সংস্থার এমন ত্রিমুখী আচরণই অভিযানটিকে প্রশ্নবিদ্ধ করতে যথেষ্ট। এভাবে ভিন্ন তথ্য দেওয়ায় আইনের ব্যত্যয় ঘটে এবং জনগণের ভোগান্তি বাড়ে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত জরুরি।’

এদিকে তথ্যের এই গরমিলের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি মামলার বাদী ও ভারপ্রাপ্ত সিসি পেটি অফিসার সাগর মিস্ত্রি। তিনি কোস্ট গার্ড চট্টগ্রামের মিডিয়া কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। ওই কর্মকর্তাকে ফোন করা হলে তিনি লিখিত প্রশ্ন চান এবং সন্ধ্যা ৭টার মধ্যে জবাব দেওয়ার আশ্বাস দেন। তবে রাত ৮টার দিকে তিনি কল করে জানান, প্রশ্নগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে এবং দ্রুত জবাব দেবে বলে জানিয়েছে।