রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি তেল ও ডলারের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মতো বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে পার হচ্ছে দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চরম অর্থনৈতিক চাপে থাকলেও আসন্ন শীত মৌসুমে ঘুরে দাঁড়ানোর আশায় কোমর বেঁধে নেমেছেন ঢাকার কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীরা। কয়েক মাস দিনরাত এক করে কারখানাগুলোতে তৈরি হয়েছে শীতের বাহারি ও আধুনিক সব পোশাক। তবে নভেম্বর মাস প্রায় শেষ হতে চললেও এখনো জেঁকে শীত না পড়ায় ক্রেতাদের দেখা মিলছে না বললেই চলে।
প্রতি বছর এই সময়ে দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকারদের পদচারণায় কেরানীগঞ্জের এই পল্লী মুখরিত থাকলেও এবারের চিত্র ভিন্ন। এখনো সেভাবে জমে ওঠেনি বেচাকেনা। গুদামে বিপুল পরিমাণ পণ্য মজুদ থাকার পরও কাক্সিক্ষত বিক্রি শুরু না হওয়ায় পুঁজি হারানো ও বড় ধরনের লোকসানের দুশ্চিন্তায় দিন কাটছে এখানকার ব্যবসায়ী ও কারখানা মালিকদের।
সরেজমিনে কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর আগানগর, শুভাঢ্যা, আলম মার্কেট, জেলা পরিষদ মার্কেট ও তানাকা মার্কেটসহ বেশ কয়েকটি কারখানা ও বিপণি বিতান ঘুরে দেখা যায়, কারিগররা সব বয়সী মানুষের জন্য শীতের পোশাক তৈরির শেষ সময়ের চূড়ান্ত কাজ করছেন। ইতিমধ্যেই ছোট-বড় প্রায় ১০ হাজার শোরুমে ঝুলছে নানা ঢং, রং ও সাইজের শীতবস্ত্র। এর মধ্যে রয়েছে ছেলেদের জ্যাকেট, ব্লেজার, হুডি, সোয়েটার, ফুলহাতা টি-শার্ট, মাফলার এবং মেয়েদের শাল, কার্ডিগান ও শিশুদের বাহারি শীতের পোশাক।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ‘গুণগত মান ভালো হওয়া এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যের কারণে দেশজুড়েই কেরানীগঞ্জের তৈরি পোশাকের ব্যাপক কদর রয়েছে।’
দেশের অভ্যন্তরীণ তৈরি পোশাকের চাহিদার প্রায় ৭০ শতাংশই এখান থেকে পূরণ হয় বলে দাবি তাদের। দেশীয় উৎপাদনের পাশাপাশি চীন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকেও শীতবস্ত্র আমদানি করেছেন এখানকার অনেক ব্যবসায়ী। ফলে প্রতিটি মার্কেটেই এখন শীতের পোশাকের বিশাল সমাহার। তবে কাঁচামাল, সুতা, কাপড় ও আনুষঙ্গিক উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। ফলে তৈরি পোশাকের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। এই বাড়তি খরচ ও বাজারের অনিশ্চয়তার কারণে গত বছরের তুলনায় এবার পোশাক তৈরি ও আমদানির পরিমাণ কিছুটা কমিয়েছেন তারা। তারপরও যে পরিমাণ পণ্য তৈরি ও আমদানি করা হয়েছে, তা বাজারজাতের সব প্রস্তুতি সম্পন্ন।
এ বিষয়ে স্থানীয় পোশাক প্রস্তুতকারক ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘শীত মৌসুমকে সামনে রেখে আমরা কারখানায় পর্যাপ্ত শীতকালীন পোশাক তৈরি করেছি এবং বাজারজাতের সব প্রস্তুতিও পুরোপুরি সম্পন্ন। কিন্তু নভেম্বর মাস শেষ হতে চললেও এখনো সেভাবে শীত পড়েনি। প্রতি বছর এই সময়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের ভিড়ে আমাদের দম ফেলার ফুরসত থাকত না, অথচ এ বছর এখনো ব্যবসা জমে ওঠেনি। আবহাওয়ার এই অবস্থার দ্রুত পরিবর্তন হয়ে শীত না পড়লে আমাদের চরম ক্ষতির মুখে পড়তে হবে।’
একই ধরনের শঙ্কার কথা জানান আরেক পাইকারি ব্যবসায়ী আব্দুল কাদের। তিনি বলেন, ‘ব্যাংকঋণ ও চড়া সুদে ধারদেনা করে এবার শীতের পোশাকের বড় মজুদ গড়ে তুলেছি। কারখানার সব মাল শোরুমে তোলা শেষ, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় বেচাকেনা একদমই নেই বললেই চলে। প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি থেকেই পুরোদমে পাইকারি বিক্রি শুরু হয়ে যায়। এবার এখন পর্যন্ত কাক্সিক্ষত ক্রেতা না আসায় কর্মচারীদের বেতন, দোকান ভাড়া ও ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে আমরা চরম দুশ্চিন্তা ও লোকসানের আশঙ্কায় আছি।’
বিদেশি পণ্যের আমদানিকারক জাহাঙ্গীর হাসান জানান, ‘ডলারের দাম বৃদ্ধি ও এলসি জটিলতার কারণে প্রতি বছর আমদানি খরচ বেড়েই চলেছে। খরচ বাড়ায় এ বছর ঝুঁকি নিয়ে আমদানি কিছুটা কম করেছি। দিন দিন ব্যবসাটা আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। শীতের বেচাকেনা এখনো সেভাবে শুরু হয়নি, তবে কিছু দিনের মধ্যেই শুরু হবে বলে আশা করছি। এবারের শীতের ব্যবসা ঠিকভাবে করতে না পারলে পুঁজি হারিয়ে টিকে থাকাটাই মুশকিল হয়ে যাবে আমাদের জন্য।’
ব্যবসায়ী জামাল বলেন, ‘কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর প্রধান তিনটি ব্যবসায়িক মৌসুমের মধ্যে শীত অন্যতম। মূলত এই শীত মৌসুমের লাভের ওপরই অনেক ব্যবসায়ীর সারা বছরের হিসাব-নিকাশ নির্ভর করে। শীতকে কেন্দ্র করে এখানকার ব্যবসায়ীরা বড় ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন। মৌসুমের কাস্টমাররা এখনো পুরোদমে আসা শুরু করেননি, তবে আগামী কয়েক দিনের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা করছি।’
সার্বিক পরিস্থিতি সম্পর্কে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি হাজি আনোয়ার হোসেন জানান, ‘শীত এখনো তেমনভাবে পড়েনি, তাই দূরদূরান্তের কাস্টমার আসা এখনো পুরোপুরি শুরু হয়নি। এছাড়া দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিরও কিছুটা প্রভাব রয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং রাতে হালকা শীত অনুভূত হচ্ছে। আশা করছি চলতি সপ্তাহ থেকেই পুরোদমে শীত পড়তে শুরু করবে এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর ক্রেতা কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে আসবেন। তখন ব্যবসায়ীদের এই সাময়িক দুশ্চিন্তা কেটে যাবে।’