প্রসববেদনায় কাতর একজন মায়ের আর্তনাদ, পরিবারের অসহায় আকুতি কিংবা অনাগত সন্তানের জীবনের ঝুঁঁকিকোনো কিছুই নাড়া দেয়নি মুখোশধারী ডাকাতদের। চরম ভয় ও মানসিক আঘাতের মধ্যে অ্যাম্বুলেন্সেই জন্ম নেওয়া নবজাতকটি শেষ পর্যন্ত পৃথিবীর আলোও বেশিক্ষণ দেখতে পেল না। তার আর পৃথিবীর আলোতে ফুলের মতো হেসে ওঠা হলো না। মুহূর্তেই মিলিয়ে গেল একটি পরিবারের আনন্দ ও ভালোবাসার আবহে গড়ে ওঠা স্বপ্ন।
গত শনিবার রাত তিনটার দিকে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জের সিংদহ (বাগমারা বাজার) এলাকায়। চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ আল নোমান বলেন, আমার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। হঠাৎ ব্যথা অনুভব করলে গত শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে যাই। পরে ব্যথা বেশি অনুভব করলে ওইদিনই মধ্যরাতে যশোরের একটি হাসপাতালের উদ্দেশে রওনা হই। আমাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি জীবননগর-কালীগঞ্জ সড়কের গান্না সিংদহ এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়ি। তিনি বলেন, তখন ডাকাতদলের সদস্যরা অ্যাম্বুলেন্সে এসে প্রথমে সঙ্গে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে নেয়। স্ত্রী সন্তানসম্ভবা, তার অসুস্থতার কথা জানিয়ে আমরা কাকুতি মিনুতি করলেও তারা শোনেনি। পরে পরিবারের সদস্যদের কাছে থাকা স্বর্ণের চেইনসহ অন্যান্য মালামাল নিয়ে নেয়। তিনি জানান, এরপর ৯৯৯-এ কল দিলে পুলিশ আসার খবর পেয়ে ডাকাতরা চলে যায়।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ডাকাতির সময়ে আমার স্ত্রী ভীত হয়ে পড়ে। ওই সময়ই অ্যাম্বুলেন্সের ভেতরে তিনি সন্তান প্রসব করেন। কিন্তু নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে একজন গর্ভবতী রোগী ছিলেন।
এদিকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা থেকে দুজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটকদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।