স্বামীর রেখে যাওয়া তিন শতক জমিই সম্বল ৭০ বছর বয়সী বিধবা আলতামুন্নেছা বেগমের। জীবনের শেষ দিনগুলো সেই জমিতে কাটাতে চান তিনি। কিন্তু ওই জমি কিনে নেওয়ার চেষ্টা এবং এ নিয়ে বিরোধের জেরে ভাতিজা খোরশেদ মিয়া, দেবর বাচ্চু মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে পাঁচ বছর ধরে নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছেন তিনি। বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও প্রতিকার না পেয়ে এখন মাজারে মাজারে ঘুরে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করছেন এই বৃদ্ধা।
আলতামুন্নেছার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের খাইরুল মিয়াদের বাড়ির পাশে। তার একটি মেয়ে থাকলেও কোনো ছেলে সন্তান নেই। মেয়েটি স্বামীর বাড়িতে থাকেন। মানুষের বাড়িতে কাজ, রাস্তাঘাটে দিনমজুরি এবং অন্যের সহযোগিতায় কোনোরকমে জীবিকা নির্বাহ করেন তিনি।
স্বামীর শেষ স্মৃতিচিহ্ন হিসেবে পাওয়া তিন শতক জমি বিক্রি করতে চান না আলতামুন্নেছা। ওই জমিতেই জীবনের বাকি সময় কাটানোর ইচ্ছা তার। তবে জমি নিয়ে বিরোধের জেরে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তার দাবি, দিনরাত ঘরের চালে ঢিল ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে নারকেল গাছ থেকে শব্দ হচ্ছে বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
এছাড়া খামারের ময়লা-আবর্জনা ও বাথরুমের দুর্গন্ধ ছড়িয়ে তাকে অতিষ্ঠ করে তোলা হচ্ছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বৃদ্ধা। সাবেক ইউএনও জাহিদ বিন কাসেম একবার সরেজমিন তার বাড়িও পরিদর্শন করেন। তাকে নির্যাতনের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।
ইউএনও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের দায়িত্ব দিলেও ২৪ নভেম্বর পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ আলতামুন্নেছার। কিছুদিন আগে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো কোনো কার্যকর আইনি প্রতিকার মেলেনি বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে বাচ্চু মিয়া ও খোরশেদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তারা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, তারা শুধু ওই জমিটুকু কিনতে চান।
স্থানীয় জাতীয় কৃষক নেতা মধু মিয়া বলেন, হরিণখোলা গ্রামের কিছু মানুষের কারণে আজ বৃদ্ধা এমন করুণ পরিস্থিতির শিকার হয়েছেন। তাকে ন্যায়বিচার দেওয়ার দাবি জানান তিনি।
আলতামুন্নেছা বলেন, আমি দিনমজুরের কাজ করি, কখনো ভিক্ষা করেও জীবন চালাই। আমার জমিটুকু দখল করার জন্য তারা আমাকে নির্যাতন করে শেষ করে দিচ্ছে। এলাকার এমন কোনো সরদার বা বিচারক নেই, যার কাছে আমি যাইনি। এখন আমাকে মেরে ফেলারও চেষ্টা করছে তারা। এমপি ও প্রধানমন্ত্রী, আপনারা আমাকে রক্ষা করুন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও এখানে ব্যর্থ। বৃদ্ধাকে নিরাপত্তা দেওয়া হোক, তাকে ন্যায়বিচার দেওয়া হোক।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, আমরা বিষয়টি সমাধানের জন্য চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিয়েছিলাম। বিষয়টি পুলিশের। তারা আইনগত ব্যবস্থা নেবেন।