মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত একই পরিবারের ৩ জন

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

হবিগঞ্জের মাধবপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া গ্রামের একটি বসতবাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. আলামিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে বাদীপক্ষের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে। এ নিয়ে আদালতে সিআর মামলা নং-৫৬৬/২৩ এবং দরখাস্ত মামলা নং-১২২/২৩ বিচারাধীন রয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ৩ জুলাই বাদীপক্ষের লোকজনকে মারধরের ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ঘটনার দিন আসামিরা বাদীপক্ষের বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত মালিকানাধীন পুকুরে প্রবেশ করে মাছ ধরতে থাকেন। এ সময় বাদীর চাচা আবুল হোসেন প্রতিবাদ করলে আসামিরা দা, বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে বসতবাড়ির উঠানে প্রবেশ করে হামলা চালান।

এতে আবুল হোসেনের মাথায় ধারালো অস্ত্রের কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তার দুই পা ও বাম হাতে হাড়ভাঙা জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে জোসনা বেগম ও রুজিনা বেগমও হামলার শিকার হন। জোসনা বেগমের মাথায় ধারালো অস্ত্রের আঘাত এবং হাত ও পায়ে হাড়ভাঙা জখম হয়। অপরদিকে রুজিনা বেগম শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় রুজিনা বেগমের গলায় থাকা আনুমানিক ১২ আনা ওজনের দেড় লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আঘাতের গুরুতর হওয়ায় আবুল হোসেন ও জোসনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ সর্বাধিক পঠিত