অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে রীতিমতো গোলবন্যা বইয়ে দিল স্পেন। দোহায় গতকাল ফিজিকে ১৫-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করার পাশাপাশি বয়সভিত্তিক ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডের একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল স্প্যানিশ যুবারা। মাত্র এক গোলের আক্ষেপে বিশ্বরেকর্ড ছোঁয়া না হলেও ডেভিড গার্সিয়া কুবিয়োর দলের এই দাপুটে জয় এরই মধ্যে টুর্নামেন্টে বড় আলোচনার জন্ম দিয়েছে।
কাতারের অ্যাসপায়ার একাডেমি কমপ্লেক্সের ৪ নম্বর পিচে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে শুরু থেকেই ফিজির ওপর একচ্ছত্র আধিপত্য দেখায় স্প্যানিশ যুবারা। প্রথমার্ধ থেকে শেষ বাঁশি পর্যন্ত কোনো প্রতিরোধই গড়তে পারেনি ওশেনিয়া অঞ্চলের দলটি।
স্পেনের এই বিশাল জয়ে রাফায়েল ক্রুজ একাই করেন চারটি গোল। রবার্তো টমাস ও গিয়ের্মো ট্রুহিয়ানো পূর্ণ করেন হ্যাটট্রিক, হোর্হে ডমিঙ্গেজ পান জোড়া গোলের দেখা এবং একবার করে জালের দেখা পান মার্কো কোম্পানি ও ইয়েরেমিয়াহ রামোস।
নিজেদের প্রথম ম্যাচে চীনকে ৫-০ গোলে হারানো স্পেন এই জয়ে গ্রুপ পর্বের আগেই নকআউট পর্বে উঠে গেল। আগামী বৃহস্পতিবার গ্রুপের শীর্ষ স্থান ধরে রাখার লড়াইয়ে আগেভাগেই পরের রাউন্ড নিশ্চিত করা মরক্কোর মুখোমুখি হবে তারা। অন্যদিকে টানা দুই হারে এবং মাইনাস ২১ গোল ব্যবধানে প্রায় ছিটকে যাওয়ার পথে ফিজি; সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে চীনকে হারাতেই হবে তাদের।
এই ১৫-০ ব্যবধানের জয়ে বয়সভিত্তিক বৈশ্বিক আসরে নিজেদের আগের জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে স্পেন। ২০০৫ সালে অনূর্ধ্ব-২১ আসরে সান মারিনোর বিপক্ষে ১৪-০ গোলের জয় ছিল তাদের সর্বোচ্চ ব্যবধান। তবে বিশ্বকাপের সর্বকালের সবচেয়ে বড় জয়ের রেকর্ড থেকে এক গোল দূরে থেমে গেল তারা। বর্তমানে সেই রেকর্ডটি রয়েছে মরক্কো অনূর্ধ্ব-১৭ দলের দখলে, যারা ২০২৫ সালের আসরে নিউ ক্যালেডোনিয়াকে ১৬-০ গোলে হারিয়েছিল।