হৃদয়ের ক্যাচ মিসে মাকেতা, ‘মনে হয় তখনও ব্যাটিং নিয়ে ভাবছিল’

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম

সেঞ্চুরিয়নে টেস্টের প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন ছন্দে থাকা তাওহীদ হৃদয়; তবে এবার প্রশংসার বদলে ভুলের কারণেই শিরোনামে এই ব্যাটার। গতকাল খেলার চা-বিরতির ঠিক আগের ওভারে অবিবেচকের মতো শট খেলে উইকেট বিলিয়ে দেওয়ার পর স্লিপে সহজ ক্যাচ ছেড়ে বাংলাদেশের ৯১ রানে গুটিয়ে যাওয়ার যন্ত্রণা আরও বাড়িয়েছেন তিনি।

সেঞ্চুরিয়নের ইতিহাসে সর্বনিম্ন টেস্ট রানে অলআউট হওয়ার পর ব্যাটারদের কেউই সংবাদমাধ্যমের সামনে আসেননি। এতে দিন শেষের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসতে হয় গত মাসে দায়িত্ব নেওয়া দক্ষিণ আফ্রিকান সহকারী কোচ মালিবংওয়ে মাকেতাকে। পেসার খালেদ আহমেদের বলে জুবায়ের হামজার সহজ ক্যাচটি হৃদয় হাতছাড়া করায় বোলাররা কাঙ্ক্ষিত ছন্দ হারান, আর সংবাদ সম্মেলনে শুরুতেই এই ক্যাচ মিসের ব্যাখ্যা দিতে হয় কোচকে। 

ঘটনার সময় হৃদয়ের সম্ভাব্য মানসিক অবস্থা বিশ্লেষণ করে দিন শেষের সংবাদ সম্মেলনে মাকেতা বলেন, ‘আমার মনে হয় ক্যাচটা যখন আসে, তখনও সে নিজের ভাবনার জগতেই ডুবে ছিল। সে দারুণ ব্যাটিং করছিল, আর আমাদের বেশির ভাগ ব্যাটারই আপনি যদি খেয়াল করেন ফিল্ডিংয়ে ভুল করেছে। আমার ধারণা, তারা তখনও বাজে ব্যাটিংয়ের ধাক্কাটাই কাটিয়ে উঠতে পারেনি। তবে এটি মেনে নেওয়া যায় না। আমরা যেমনই ব্যাটিং করি না কেন, দলের জার্সির জন্য মাঠে নিজেদের চরিত্রটা ঠিকই দেখাতে হবে। বিষয়টি কিছুটা হতাশাজনক ছিল, তবে আমি নিশ্চিত আগামীকাল আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’

ক্যাচ হাতছাড়া করা খেলার অংশ হলেও দলের লক্ষ্য পূরণ না হওয়ায় আক্ষেপ ঝরেছে কোচের কণ্ঠে। দিন শেষে অন্তত তিনটি উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের, যা হৃদয়ের ভুলে ভেস্তে যায়। দলের সেই হতাশার কথা তুলে ধরে মাকেতা বলেন, ‘ক্যাচ সবাই ছাড়ে। যেমনটা বললাম, সে সম্ভবত তখনও নিজের ব্যাটিং আর ওই শটটা নিয়েই ভাবছিল, মাঠে পুরোপুরি মনোযোগী ছিল না। এটি দলের জন্য খুবই হতাশাজনক, কারণ আজ আমাদের লক্ষ্য ছিল অন্তত ওদের তিন উইকেট তুলে নেওয়া।’ 

অথচ চা-বিরতির আগের ওই ওভার পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। টেস্ট ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও সম্প্রতি দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন হৃদয়, সিলেটে ডাবল সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো ৮২ রানের পর দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে নিজের প্রথম টেস্টেই ওয়ান্ডারার্সে সেঞ্চুরি হাঁকান তিনি। 

কিন্তু ৭৩ রানে ৫ উইকেট হারানোর পর যখন ধৈর্যের পরীক্ষা দেওয়ার কথা, তখনই ৩৬ বলে ৭ রান করা হৃদয় হঠাৎ স্পিনার সাইমন হার্মারের ওপর চড়াও হন। এক ছক্কা, এক চার ও দুই রান নেওয়ার পর বিরতির ঠিক আগের বলে আবারও বড় শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি, যাতে ৮৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসে দল।

হৃদয়ের এমন হঠাৎ খোলস ছেড়ে বেরোনোর কারণ নিয়ে জানতে চাইলে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের মতোই তাঁকে কিছুটা সময় দেওয়ার পক্ষপাতী বলে জানান কোচ। তাঁর সঙ্গে এখনো কথা না হওয়ার বিষয়টি স্পষ্ট করে মাকেতা বলেন, ‘তাঁর সঙ্গে এখনো আমার কথা হয়নি। সে কী ভাবছিল তা আমি জানি না। ড্রেসিংরুমে ফেরার পর সে যখন এ ধরনের কোনো শট খেলে যেমনটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও করেছিল, তখন আমরা সাধারণত একে অপরকে একটু একা ছেড়ে দিই। আমি তাঁকে কিছুটা সময় দিয়েছি। আমি নিশ্চিত আজ রাতেই সে নিজে এসে আমার সঙ্গে কথা বলবে। তখনই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত