চরফ্যাশনে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামিকে ঢাকার লালবাগ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালবাগ থানার শহীদনগরের বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. শওকত হোসেন মাঝিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮, বরিশাল ও র‍্যাব-১০, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৮-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১১ নভেম্বর রাতে চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় পূর্ববিরোধের জেরে মো. আজমুলের পথরোধ করে একদল ব্যক্তি। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তার ওপর হামলা চালানো হয়। তারা তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা আজমুলের মোটরসাইকেল ভাঙচুর করে এবং তার পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী চরফ্যাশন থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

র‍্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-৮-এর ভোলা ক্যাম্প ও র‍্যাব-১০-এর সিপিএসসি কোম্পানি, লালবাগের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে মামলার এজাহারনামীয় প্রধান আসামি শওকত হোসেন মাঝিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু।