চ্যাটজিপিটি-ইউটিউব দেখে ইয়াবা বানাতেন আকিব

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

চট্টগ্রামের চান্দগাঁওয়ের ইয়াবা তৈরির মেশিন, বিভিন্ন সরঞ্জাম ও ইয়াবাসহ আকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা থেকে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকিব (১৯) পটিয়ার কুলাগাঁও মাজার গেইট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বর্তমানে হাটহাজারীর কুয়াইশ এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

চান্দগাঁও থানা পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই রাস্তার মাথার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আকিব। এ সময় টহলে থাকা পুলিশের একটি দল তাকে আটক করে। তল্লাশি করে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। এরপর চান্দগাঁও থানার একটি আভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে হাটহাজারীর কুয়াইশ এলাকায় অভিযান চালায়। সেখানে তার দেখানো স্থান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথলসহ ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে। এ ছাড়া ইয়াবার আকার নির্ধারণে ব্যবহৃত একটি স্লাইড ক্যালিপার্সও পাওয়া যায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান,উদ্ধার করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছেন ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিনটি কিনে এনে ভাড়া বাসায় স্থাপন করেন। এরপর ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা হয়েছে।

এই কাজে তার সঙ্গে আরও দুইজন জড়িত থাকার কথা জানায় আকিব। তবে রিমান্ডের পর আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানান এই কর্মকর্তা।  

সর্বশেষ সর্বাধিক পঠিত