দূতাবাসে আশ্রয় নিলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বাংলাদেশের কোনো দূতাবাস বা কূটনৈতিক মিশনে গেলেও তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। বাংলাদেশের যেখানেই তিনি অবস্থান করবেন, সেখানেই তাকে আইনের আওতায় আনা হবে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহ নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘তিনি দেশে আসতে চাইলে আসতে পারেন। তবে দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং কারাগারে পাঠানো হবে। এমনকি বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে গেলেও তার গ্রেপ্তার এড়ানোর সুযোগ থাকবে না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ মানবতাবিরোধী অপরাধে জড়িত হলে তার পাসপোর্ট বাতিল করা হয় এবং নতুন করে পাসপোর্ট দেওয়া হয় না। বর্তমান সংবিধানেও এ বিষয়ে বিধান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে যে আইন ও বিধান কার্যকর রয়েছে, তার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।’ এ নিয়ে অহেতুক আলোচনা করে সবার সময় নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, একই ব্রিফিংয়ে সাইবার সুরক্ষা আইন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, আইনটি নিয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। বিভিন্ন পক্ষের উত্থাপিত আপত্তি ও উদ্বেগ পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, ‘সাইবার সুরক্ষা আইনের প্রতিটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। আইনে কোনো অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক শব্দ রাখা হবে না। আইনটি যেন সুনির্দিষ্ট ও বোধগম্য হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।’