মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘তার দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার সঙ্গে সরকারের কোনো আলোচনা হচ্ছে না। এ আলোচনা কেবল ভারতের সঙ্গে। শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি অন্য কোনোভাবে তাঁকে হস্তান্তর করা হবে, সেটি পরবর্তী সময়ে নির্ধারিত হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা কোনো প্রাথমিক অভিযোগের মুখোমুখি নন; বিচারপ্রক্রিয়া শেষে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং শাস্তি পেয়েছেন। বাংলাদেশ তাকে যেভাবে চায়, সেভাবেই ফেরত চায়। তিনি যে দেশে অবস্থান করছেন, সেই দেশের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।’
বাংলাদেশ বিমানের উড়োজাহাজে দেশে ফেরার শেখ হাসিনার ইচ্ছা প্রসঙ্গে রসিকতা করে তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, তিনি এসে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানাননি। ভারতের কেউ কেউ এখনো তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন,’ মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান আরও বলেন, ‘শেখ হাসিনা একজন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তি। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি কোনো পরিবহন পাঠানোর প্রশ্ন নয়, বরং প্রত্যর্পণের বিষয়। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো উড়োজাহাজে, তা মুখ্য নয়। বাংলাদেশ তাকে ফেরত চায় এবং ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানিয়েছে।’
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তথ্য উপদেষ্টা। তার মতে, এ ঘোষণার মাধ্যমে শেখ হাসিনা নিজের রাজনৈতিক গুরুত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তুলে ধরতে চাইছেন। মূলত দলের নেতাকর্মী ও সমর্থকদের কাছে নিজের অবস্থান শক্তিশালী করার উদ্দেশ্যেই এমন বক্তব্য দিয়েছেন তিনি। জাহেদ উর রহমান একে রাজনৈতিক মহলের উদ্দেশে দেওয়া ‘একধরনের ব্লাফ’ বলেও মন্তব্য করেন।
প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে আগে যেসব আইনি জটিলতার কথা বলা হয়েছিল, সেগুলো এখন আর বাধা হওয়ার কথা নয় বলে মনে করেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইছেন এবং বাংলাদেশও তাকে ফেরত চাচ্ছে। ফলে দুই পক্ষের অবস্থান এক জায়গায় এসেছে।’ তার মতে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এখন আদালতের আশ্রয় নেওয়া বা আইনি জটিলতার প্রশ্ন থাকার কথা নয়। ভারত তাকে প্রত্যর্পণ করলেই বিষয়টির সমাধান হতে পারে।
ভারত সরকার তাকে জোর করে ফেরত পাঠাচ্ছে না উল্লেখ করে জাহেদ বলেন, ‘শেখ হাসিনা নিজেই দেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে। দুই পক্ষের অবস্থান মিলে গেলে প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ হতে পারে।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সরকার শেষ মুহূর্তে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবে না—এমন প্রচারণার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, ‘সরকার তাকে ফেরত চাইছে, না হলে বারবার প্রত্যর্পণের আবেদন জানাত কেন?’
এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি আইনজীবী প্রতিষ্ঠান। ১৯ নভেম্বর প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিভেন পাওলস এ বিষয়ে অগ্রগতি জানতে আবারও চিঠি দেন। এর কয়েক দিন পর শেখ হাসিনার মুখপাত্র বিজয় দিবসে বাংলাদেশ বিমানে তাকে দেশে ফেরানোর দাবি জানান।
রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতেই তিনি দেশে ফিরতে চান। তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক জ্যেষ্ঠ নেতা ভারতে অবস্থান করছেন, কেউ কেউ অন্য দেশে আত্মগোপনে রয়েছেন এবং অনেকে কারাগারে আছেন।