কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আটক ১৮১

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৮১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা-পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটকের পর প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১২১ জনের বিরুদ্ধে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে অপরাধপ্রবণতা থেকে কিশোরদের দূরে রাখা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও পুলিশের লক্ষ্য। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।