কুমিল্লায় চুরির অভিযোগে শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম

দোকান থেকে ৪৪ হাজার টাকা চুরির অভিযোগে রবিউল (১০) নামের এক শিশুকে দুই দিন ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ সময় শিশুটির মাথার চুলও আড়াআড়িভাবে কেটে দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাজগড্ডা এলাকায় প্রধান সড়কের পাশে ‘আল আমিন ভেরাইটিজ স্টোর’-এর সামনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে শিশুটির বাঁ পায়ে লোহার শিকল বাঁধা রয়েছে। মাথার চুল আড়াআড়িভাবে কাটা। নীল হাফপ্যান্ট ও খাকি টি-শার্ট পরা শিশুটি খুঁটির পাশে ঘাসের ওপর বসে আছে এবং তার চারপাশে উৎসুক মানুষের ভিড়। দূরদূরান্ত থেকেও অনেকে শিশুটিকে দেখতে আসেন। ভিডিওতে শিশুটিকে অসহায় দৃষ্টিতে এদিক-ওদিক তাকাতে দেখা যায়, যেন কেউ এসে তাকে শিকলমুক্ত করবে—এমন অপেক্ষায় রয়েছে সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাজগড্ডা এলাকার বাবুলের চায়ের দোকান থেকে ৪৪ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রবিউলের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন দোকানি। এরপর তাকে আটকে রেখে মাথার চুল কেটে দেওয়া হয় এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঘটনার পর শিশুটির মা ওই দোকানে গিয়ে ২০ টাকা দিয়ে আসেন। বাকি টাকা আদায়ের অজুহাতে শিশুটিকে আটকে রাখা হয়। দোকানির আশঙ্কা ছিল, পুলিশের হাতে তুলে দিলে শিশুটিকে ছেড়ে দেওয়া হতে পারে; এ কারণে তিনি তাকে পুলিশে না দিয়ে নিজেই আটকে রাখেন।অভিযোগের বিষয়ে জানতে ব্যবসায়ী বাবুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, বিষয়টি জানার পরপরই সোমবার বিকেলে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। শিশুটির মাকে থানায় ডাকা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত