কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিন দিন আরও শক্তিশালী ও বিস্তৃত হওয়ার পাশাপাশি এর ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এর জন্য বৈশ্বিকভাবে বহুপক্ষীয় কাঠামো গড়ে তোলার তাগিদ দেন। গত সোমবার ক্যারিবীয় দেশ বার্বাডোজে ‘ব্রিজটাউন স্পেশাল সামিট অন এআই সেফটি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আজ আমি সদস্য দেশগুলোকে আহ্বান জানাচ্ছি তারা যেন নিজেদের উদ্যোগকে সমন্বয় করে এবং আগামী এক বছরের মধ্যে এআইয়ের ঝুঁকি ব্যবস্থাপনায় বৈশ্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক ও নীতিভিত্তিক একটি বহুপক্ষীয় কাঠামো গড়ে তোলে। এর সঙ্গে থাকতে হবে স্বাধীন ও নির্ভরযোগ্য তদারকি ব্যবস্থা।’
আল জাজিরা লিখেছে, ডিসেম্বরে বিশ্ব সংস্থায় গুতেরেসের মেয়াদ শেষ হবে। ভবিষ্যতে ‘খুনি রোবট’ তৈরি হতে পারে, এমন বাস্তবতার মধ্যে তিনি এআইয়ের ঝ ুঁকি নিয়েও ক্রমেই সোচ্চার হচ্ছেন।
গুতেরেস বলেন, ‘বৈশ্বিক শাসনব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে দেখা যাবে, সেগুলো মূলত ১৯৪৫ সালের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে। বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে এসব প্রতিষ্ঠানের যে সংস্কার প্রয়োজন, তা স্পষ্ট।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘের ক্ষেত্রেও যেমন এ সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি আন্তর্জাতিক আর্থিক কাঠামো এবং বিশ্ব বাণিজ্যব্যবস্থার ক্ষেত্রেও তা প্রযোজ্য।’
ডিসেম্বরে জাতিসংঘ থেকে তিনি বিদায় নেওয়ার পর কে হবেন সংস্থার মহাসচিব, তা এখনো ঠিক হয়নি। তবে উত্তরসূরির উদ্দেশে আন্তোনিও গুতেরেস বলেন, “আমি তাকে পরামর্শ দেব ‘মানবজাতির নিজেদের পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার জন্যই’ যথাযথভাবে এআই নিয়ন্ত্রণ করা অপরিহার্য।”