ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়েছেন। সোমবার প্রকাশিত এক নতুন হিসাবে এ তথ্য উঠে এসেছে।
রাশিয়ার বাইরে থেকে পরিচালিত দুটি রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের নতুন এ হিসাব প্রকাশ করে। এ জন্য তারা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট থেকে ইউক্রেনপন্থি বেলারুশের দুই হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রোর সংগ্রহ করা বিপুল পরিমাণ নতুন তথ্য ব্যবহার করেছে। ওই দুই গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য প্রকাশ করেছে। যুদ্ধে রাশিয়ার কত সেনা প্রাণ হারিয়েছেন, তা নিয়ে আগের হিসাবগুলোর তুলনায় নতুন এই হিসাবে নিহতের সংখ্যা অনেক বেশি।
ইউক্রেন যুদ্ধে কত সেনা হতাহত হয়েছেন, রুশ জনগণের কাছ থেকে সে তথ্য গোপন রেখেছে ক্রেমলিন। ফলে যুদ্ধের সম্মুখসারিতে কতটা প্রাণহানি ঘটেছে, সে সম্পর্কে বেশির ভাগ রুশ নাগরিকের ধারণা খুবই সীমিত।
প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। অদূর ভবিষ্যতে এই যুদ্ধ বন্ধ করার কোনো ইঙ্গিতও তার মধ্যে দেখা যাচ্ছে না।