সোনিয়া গান্ধীকে আইনি নোটিস

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ এএম

ভারতের কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী তার আত্মজীবনীতে একাধিক জায়গায় ভুল তথ্য পরিবেশন করে বিনায়ক দামোদর সাভারকরের সম্মানহানি করেছেন বলে অভিযোগ তুলে তাকে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসটি পাঠিয়েছেন সাভারকরের সম্পর্কিত এক নাতি সাত্যকি সাভারকরের পক্ষে তার আইনজীবী সংগ্রাম কোলহটকর। বইয়ের নির্দিষ্ট দুটি পৃষ্ঠার উল্লেখ করে সেই নোটিসে বলা হয়েছে লেখিকার বক্তব্য শুধু তথ্যগতভাবে ভুলই নয়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সাভারকরের ঐতিহাসিক ভূমিকাকে বিকৃতভাবে দেখানো হয়েছে। নোটিসে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে কংগ্রেসনেত্রীকে লেখার ওই অংশ সংশোধন করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। তা না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ১০ নভেম্বর সোনিয়ার ‘বিলংগিং : আ জার্নি অফ লাভ’ নামের বইটি প্রকাশ করেছে হার্পার কলিন্স পাবলিশার্স ইন্ডিয়া। বইয়ের ২০১ নম্বর এবং ৪৪৩ নম্বর পৃষ্ঠার দুটি বক্তব্য নিয়ে আপত্তি তুলেছেন সাত্যকি।

২০১ নম্বর পৃষ্ঠায় সোনিয়া লিখেছেন ‘একদিকে কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ শাসকদের কারাগারে নিপীড়ন সহ্য করছিলেন। অন্যদিকে আরএসএসের বিনায়ক দামোদর সাভারকরের মতো শীর্ষ নেতারা তাদের ঔপনিবেশিক প্রভুদের কাছে ক্ষমা প্রার্থনার আবেদনপত্র লিখছিলেন। দলের সদস্যরা তথ্যদাতা হিসেবে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজস করছিলেন।’

সাত্যকির বক্তব্য, সাভারকরের কারাবাস, আবেদনপত্র এবং রাজনৈতিক কর্মকা- যে ঐতিহাসিক প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত, সোনিয়ার এই বক্তব্য তার পরিপন্থী। নোটিসে বলা হয়েছে, সাভারকর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে দীর্ঘ কারাবাস ও চরম কষ্ট ভোগ করেছেন। তার মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলে বন্দি থাকাও অন্তর্ভুক্ত। প্রেক্ষাপট, ঐতিহাসিক পটভূমি ও পারিপার্শ্বিক ঘটনা বিবেচনা না করে কারাবাসের সময় জমা দেওয়া আবেদনপত্রের উল্লেখ তার জীবন ও রাজনৈতিক সংগ্রামের এক অসম্পূর্ণ ও বিকৃত চিত্র তুলে ধরে। সাত্যকির মতে, এই ‘ভুল’ তথ্যগুলো পাঠকদের মনে সাভারকর সম্বন্ধে অযথা বিরূপ ধারণার সৃষ্টি করতে পারে।

আত্মজীবনীর ৪৪৩ নম্বর পৃষ্ঠায়ও সাভারকরের প্রসঙ্গ এনেছেন সোনিয়া। তিনি লিখেছেন, ‘গান্ধীজির সমসাময়িক নেতা বিনায়ক দামোদর সাভারকর, যিনি হিন্দুত্ব নামক মতাদর্শের প্রবক্তা, ভারতকে মূলত এমন একটি দেশ হিসেবে দেখেছেন যেখানে হিন্দুরাই শেষ কথা বলবে। এই দৃষ্টিভঙ্গি আরএসএস, বিজেপি এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা তাদের অনেক শাখা সংগঠন গ্রহণ করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত