‘যতদিন ক্ষুধা-দারিদ্র্য থাকবে সুকান্ত প্রাসঙ্গিক থাকবেন’

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আরণ্যক নাট্যদলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হে মহাজীবন’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি তার কবিতা অবলম্বনে নির্মিত নাটক ‘একটি মোরগের কাহিনি’ মঞ্চস্থ হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন অপু মেহেদী। এটি আরণ্যক নাট্যদলের ৬৭তম প্রযোজনা।

অনুষ্ঠানে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আরণ্যকের প্রধান সম্পাদক হারুন রশীদ। আবৃত্তি করেন গোলাম সারোয়ার ও মীর বরকত। সংগীত ও নৃত্য পরিবেশন করেন যথাক্রমে মঞ্জু সাহা এবং ওয়ার্দা রিহাব ও তার দল।

অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলন, ‘আমাদের ছোটবেলায়, ষাটের দশকের শেষ দিকে রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী একসঙ্গে উদযাপিত হতো। ঘরে ঘরে রবীন্দ্রনাথ ও নজরুলের ছবির পাশাপাশি সুকান্তের ছবিও থাকত। এখন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে, ছবিতে কালি পড়ছে। কিন্তু মানুষের মনের ভেতরে সুকান্তের যে ছবি রয়ে গেছে, তা এখনো উজ্জ্বল।’

হারুন রশীদ বলেন, পৃথিবীতে যতদিন ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বঞ্চনা ও নিপীড়ন থাকবে, ততদিন সুকান্ত প্রাসঙ্গিক থাকবেন। অরণ্যক মেহনতি ও শ্রমজীবী মানুষের স্বপ্ন-আকাক্সক্ষা নিয়ে নাট্যচর্চা করে।

নাটকটির নির্দেশক অপু মেহেদী বলেন, শতবর্ষ পেরিয়েও সুকান্ত এখনো প্রাসঙ্গিক। সময় বদলেছে, কিন্তু তার শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী এখনো নির্মিত হয়নি। সুকান্তের কবিতার অন্তর্নিহিত এই জীবনদর্শনকে মঞ্চে অনুবাদের প্রয়াসই ‘একটি মোরগের কাহিনি’।

সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’-এর অন্তর্ভুক্ত ‘একটি মোরগের কাহিনি’ কবিতাটি খাদ্য ও বেঁচে থাকার নিশ্চয়তাকে কেন্দ্র করে রচিত একটি তাৎপর্যপূর্ণ রূপক। একটি মোরগের জীবন ও পরিণতির মধ্য দিয়ে কবি তুলে ধরেছেন শ্রেণিবৈষম্য, শোষণ এবং ক্ষমতার অসম সম্পর্ক। নাটকটিতে এই রূপককে সমকালীন মঞ্চভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।